আয়ারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের দূতাবাস। বৃহস্পতিবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এর মধ্য দিয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
ডাবলিনের বলসব্রিজ কূটনৈতিক এলাকার আলেকজান্দ্রা হাউজে একটি অস্থায়ী চ্যান্সারি অফিস থেকে প্রাথমিকভাবে দূতাবাসটির প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
মনোনীত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম আজ মিশনের দায়িত্ব গ্রহণ করেছেন। যথাসময়ে তিনি আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন।
দূতাবাস চালুর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে কাজ করবে দূতাবাসটি।
