২০২৬ সালের জন্য বিশ্বের সেরা শহরগুলোর র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রায় ২৪ হাজার বাসিন্দার মতামত এবং বিশেষজ্ঞদের বিচার-বিশ্লেষণের ভিত্তিতে তৈরি এই তালিকায় দেখা গেছে, শীর্ষ ৫০টির মধ্যে ১৯টি শহরই ইউরোপের। তবে সব শহরকে পেছনে ফেলে এ বছর তালিকার এক নম্বরে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার শহর মেলবোর্ন। দ্বিতীয় স্থানে রয়েছে চীনের সাংহাই।
ইউরোপের মধ্যে সবচেয়ে সেরা শহর হিসেবে নির্বাচিত হয়েছে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা, যা বিশ্ব তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। শহরটির সুন্দর পরিবেশ, হাঁটার সুবিধা এবং প্রাণবন্ত সংস্কৃতির কারণে ৯১ শতাংশ বাসিন্দাই সেখানে বসবাস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এডিনবরার ঠিক পরেই চতুর্থ স্থানে রয়েছে লন্ডনের নাম। এখানকার শিল্প ও সংস্কৃতি বাসিন্দাদের কাছে প্রায় ৯৯ শতাংশ রেটিং পেয়েছে।
শীর্ষ ১০ শহরের তালিকা একনজরে :
১. মেলবোর্ন (অস্ট্রেলিয়া)
২. সাংহাই (চীন)
৩. এডিনবরা (স্কটল্যান্ড)
৪. লন্ডন (যুক্তরাজ্য)
৫. নিউ ইয়র্ক (যুক্তরাষ্ট্র)
৬. কেপ টাউন (দক্ষিণ আফ্রিকা)
৭. মেক্সিকো সিটি (মেক্সিকো)
৮. ব্যাংকক (থাইল্যান্ড)
৯. সিউল (দক্ষিণ কোরিয়া)
১০. টোকিও (জাপান)
আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়া সত্ত্বেও ফ্রান্সের রাজধানী প্যারিস তালিকায় ২২তম স্থানে রয়েছে। তবে শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে প্যারিসই একমাত্র শহর যা ‘নিখুঁত স্কোর’ পেয়েছে। এছাড়া সুইজারল্যান্ডের জুরিখ অল্পের জন্য শীর্ষ ১০-এ জায়গা পায়নি, এর অবস্থান ১১তম। তালিকায় ১১ থেকে ২০-এর ঘরে ইউরোপের কোপেনহেগেন, ক্রাকো, পোর্তো এবং মাদ্রিদের মতো শহরগুলো আধিপত্য দেখিয়েছে।
জীবনযাত্রার মান, সাশ্রয়ী ব্যয়, খাবার এবং সবুজায়নের মতো বিষয়গুলো মাথায় রেখেই পাঠকেরা তাদের প্রিয় শহরগুলো নির্বাচন করেছেন। এবারের তালিকায় সেরা ১০ এ থাকতে না পারলেও পর্তুগালের লিসবন ৪৯তম অবস্থানে থেকে সেরা ৫০-এর জায়গা ধরে রেখেছে।
