পোল্যান্ডের দক্ষিণ উপকূলীয় ইভকোয়া গ্রামে আকাশ থেকে পড়া তিনটি রহস্যময় বেলুন ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। গত শুক্রবার সকালে একটি উৎপাদন কারখানার ভেতরে সিগারেট ভর্তি এই ‘ওয়েদার বেলুন’ বা আবহাওয়া বেলুনগুলো অবতরণ করলে পুলিশ তদন্তে নামে। দেশটির সীমান্ত রক্ষীবাহিনী ও পুলিশ ধারণা করছে, নজরদারি এড়াতে চোরাচালানকারীরা এখন আকাশপথকে অভিনব রুট হিসেবে ব্যবহার করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় একটি কোম্পানির সীমানায় তিনটি বড় আকারের বেলুন ও তার নিচে ঝুলন্ত প্যাকেজ দেখতে পেয়ে জরুরি সেবা সংস্থাকে খবর দেওয়া হয়। শুরুতে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক পদার্থের শঙ্কা থাকলেও, তল্লাশি চালিয়ে সেখানে বিপুল পরিমাণ সিগারেটের চালান পাওয়া যায়। ব্রজেস্কো শহরের পুলিশ সদর দপ্তর বর্তমানে বেলুনগুলোর উৎস ও উৎক্ষেপণস্থল শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
পোল্যান্ডে বেলুনের মাধ্যমে সিগারেট পাচার এখন একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত এপ্রিল মাসে এক বেলারুশীয় নাগরিককে গ্রেপ্তারের পর জানা যায়, ১৬০টিরও বেশি আবহাওয়া বেলুন ব্যবহার করে লাখ লাখ সিগারেট পাচার করেছে একটি সংঘবদ্ধ চক্র। এই একটি চক্রের কারণেই পোল্যান্ড সরকারের অন্তত ১.৪ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। সীমান্ত কড়াকড়ি হওয়ায় ড্রোন বা বেলুনের মতো প্রযুক্তিনির্ভর চোরাচালান ঠেকাতে এখন বাড়তি সতর্কতা অবলম্বন করছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।
তথ্যসূত্র – টিভিপি ওয়ার্ল্ড
