মঙ্গলবার, ২৮ই এপ্রিল, ২০২৬   |   ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের অর্থনীতিতে বড় ধরণের অস্থিরতা তৈরির এক বিশাল পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পোল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির পূর্ব-মধ্য অঞ্চলের ওলোমিন কাউন্টিতে অভিযান চালিয়ে একটি পেশাদার জাল ইউরো নোট তৈরির কারখানার সন্ধান পেয়েছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এবং ন্যাশনাল পাবলিক প্রসিকিউটর অফিস। এই কারখানায় প্রায় ৩৬ কোটি (৩৬০ মিলিয়ন) ইউরো মূল্যের জাল নোট তৈরির সক্ষমতা ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা। এই ঘটনায় একটি সুসংগঠিত অপরাধী চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে কারখানাটি থেকে জাল নোট তৈরির বিপুল ও আধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে তিন টন বিশেষায়িত কাগজ, যা স্পর্শ করলে আসল নোটের মতো অনুভূতি দেয়। এছাড়া বিপুল পরিমাণ হলোগ্রাফিক ফয়েল, ম্যাগনেটিক স্ট্রিপ, সেফটি থ্রেড এবং জলছাপ তৈরির বিশেষ রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে। জালিয়াতির মান এতটাই উন্নত ছিল যে, অপরাধীরা আসল ইউরো নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো নিখুঁতভাবে নকল করার জন্য পেশাদার প্রশিক্ষণ গ্রহণ করেছিল। তাদের মূল লক্ষ্য ছিল এমনভাবে নোট তৈরি করা যাতে ব্যাংকগুলোর ডিপোজিট মেশিনেও এগুলো ধরা না পড়ে।

পাবলিক প্রসিকিউটর অফিসের মুখপাত্র কাতারজিনা কালো-জাসজেস্কা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত জাল নোটগুলোর একটি বড় অংশ প্রতিবেশী দেশ ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা ছিল চক্রটির। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংগঠিত অপরাধী চক্র পরিচালনা এবং মুদ্রা জালিয়াতির গুরুতর অভিযোগ আনা হয়েছে। পোল্যান্ডের কঠোর আইন অনুযায়ী, এই অপরাধে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক ও গোয়েন্দা সংস্থাগুলো এই ঘটনার পর সদস্য রাষ্ট্রগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: টিভিপি ওয়ার্ল্ড 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version