মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬   |   ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সম্প্রতি এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় দূতাবাস। এতে বলা হয়, যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। তবে সেখানে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি ও ভিডিও অনেক সময় আইনি কিংবা অন্য ধরনের জটিলতার কারণ হতে পারে।

দূতাবাস বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

কোনো তথ্য বা পোস্ট শেয়ার করার আগে তা ভালোভাবে যাচাই করে সত্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থি, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে—এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করা উচিত নয়।

এ ছাড়া এমন কোনো কনটেন্ট থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যা সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডের প্রতি সমর্থন হিসেবে বিবেচিত হতে পারে।

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে স্থানীয় সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দূতাবাস বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার ব্যক্তিকে সম্ভাব্য আইনি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে সুরক্ষিত রাখতে পারে। পাশাপাশি বিদেশে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা ও ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিজ্ঞপ্তিতে রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত সব বাংলাদেশিকে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীল, সংযত, সম্মানজনক ও আইনসম্মতভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version