বুধবার, ১৮ই মার্চ, ২০২৬   |   ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডের রক্ষাকর্তা সেন্ট প্যাট্রিকের স্মরণে প্রতি বছর ১৭ মার্চ পালিত হয় ‘সেন্ট প্যাট্রিকস ডে’। এক সময় এটি কেবল আয়ারল্যান্ডে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে প্যারেড, সবুজ পোশাক এবং আইরিশ গান ও নাচের মাধ্যমে এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ইউরোপের বড় বড় শহরগুলোতে। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এই উৎসবটি বর্তমানে আয়ারল্যান্ডের গণ্ডি পেরিয়ে এক আন্তর্জাতিক রূপ নিয়েছে।

সেন্ট প্যাট্রিকস ডে উদযাপনের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থান হলো আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। ১৪ থেকে ১৭ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী চলা এই বিশাল উৎসবে প্রতি বছর প্রায় ৫ লক্ষ দর্শনার্থী ভিড় জমান। পার্নেল স্কয়ার থেকে সিটি সেন্টার পর্যন্ত বিশ্বখ্যাত প্যারেড, আইরিশ ঐতিহ্যবাহী গান এবং আর্ট ইন্সটলেশন উৎসবের প্রধান আকর্ষণ। পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে টেম্পল বার এলাকার পাবগুলোতে হয় বৈচিত্র্যময় আয়োজন।

ইউরোপের মূল ভূখণ্ডের সবচেয়ে বড় সেন্ট প্যাট্রিকস ডে প্যারেডটি অনুষ্ঠিত হয় জার্মানির মিউনিখে। একে প্রায়ই বসন্তকালীন ‘সবুজ অক্টোবরফেস্ট’ বলা হয়। মিউনিখ ফ্রাইহাইট থেকে ওডিওনসপ্লাৎস পর্যন্ত এই প্যারেডে ১,৫০০-এর বেশি অংশগ্রহণকারী এবং ৫০,০০০ দর্শক অংশ নেন। অন্যদিকে, লন্ডনের হাইড পার্ক থেকে ট্রাফালগার স্কয়ার পর্যন্ত আয়োজিত প্যারেড হয়  চোখে পড়ার মতো। রাজকীয় ঐতিহ্যের অংশ হিসেবে আইরিশ গার্ডদের হাতে প্রতীকী ‘শ্যামরক’ তুলে দেওয়ার রীতিটিও পালিত হয় বেশ গুরুত্বের সাথে।

অন্যদিকে, প্রাগে প্রায় এক সপ্তাহব্যাপী উদযাপনের সময় আইরিশ সংগীতের পাশাপাশি হোলেশোভিৎস্কা মার্কেটপ্লেসে ‘গিনেস পপ-আপ’ স্টল দেখা যায়। সেখানে ‘সিআইবিসিএ সেন্ট প্যাট্রিকস ডে গালা ডিনার’-এর মাধ্যমে সংগৃহীত অর্থ গার্হস্থ্য সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তায় ব্যয় করা হয়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version