রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬   |   ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের উত্তাপ এবার সরাসরি ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিতে বড় ধরনের আঘাত হেনেছে। ইইউ-এর অর্থনীতি ও উৎপাদনশীলতা বিষয়ক কমিশনার ভালদিস ডোমব্রোভসকিস জানিয়েছেন, এই যুদ্ধের প্রভাবে ইউরোপের অর্থনীতিতে ইতোমধ্যে ০.২ থেকে ০.৬ শতাংশ নেতিবাচক প্রভাব পড়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে যে, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অস্থিরতা এবং বিমানের জ্বালানির (জেট ফুয়েল) অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চরম সংকটে পড়েছে ইউরোপ। পরিসংখ্যান অনুযায়ী, এই অচলাবস্থার ফলে ইইউভুক্ত দেশগুলো প্রতিদিন প্রায় ৫৮ কোটি ৪০ লাখ (৫৮৪ মিলিয়ন) মার্কিন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ইউরোপীয় কমিশনার সতর্ক করে বলেছেন যে, যুদ্ধের স্থায়িত্ব বাড়লে এই ক্ষতির পরিমাণ আরও কয়েক গুণ বাড়তে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় ইউরোপের শিল্প উৎপাদন ও পরিবহণ খাত এখন চরম চ্যালেঞ্জের মুখে। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত কোনো সমাধান বা বিকল্প পথ বের করা সম্ভব না হলে পুরো ইউরোপীয় অর্থনীতিতে বড় ধরনের মন্দা দেখা দিতে পারে। তবে এই উত্তেজনার মধ্যেই একটি ইতিবাচক খবর পাওয়া গেছে। বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং অপারেটর জার্মানির ‘হ্যাপাগ-লয়েড’ কোম্পানির একটি জাহাজ শুক্রবার (২৪ এপ্রিল) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে। জাহাজ চলাচলে কঠোর কড়াকড়ি ও ঝুঁকির মধ্যেই এই পারাপারকে বাণিজ্যিক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: যুগান্তর 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version