সুইজারল্যান্ডের একটি আশ্রয়কেন্দ্রে রুমমেটের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
শুক্রবার এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৩৩ বছর বয়সী ব্যক্তি বুরুন্ডির নাগরিক। শনিবার তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁকে নিখোঁজ বলে জানান। পরদিন রাইন নদীর কাছে একটি ব্যাগে মানুষের পা দেখতে পান তাঁরা। পরে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরও কয়েকটি ব্যাগে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি টুকরো করে ময়লার ব্যাগে ভরে রাইন নদী ও নদীর তীরে ফেলে দেওয়া হয়েছিল।
ঘটনার তদন্তে আশ্রয়কেন্দ্রে তল্লাশি চালায় পুলিশ। সেখানে পাওয়া আলামতের ভিত্তিতে ৪৩ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে সন্দেহ করা হয়। তিনি নিহত ব্যক্তির রুমমেট ছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আর্গাউ ক্যান্টন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, নিহত ব্যক্তির রুমমেটকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বা ধর্মীয় কোনো কারণ থাকার প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত চলাকালে সন্দেহভাজন ব্যক্তির মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা গেছে।
