সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬   |   ২৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে বসবাসরত ইউরোপগামী যাত্রীদের জন্য অত্যন্ত জরুরি এবং আকস্মিক এক পরিবর্তনের ঘোষণা দিয়েছে ঢাকাস্থ সুইডেন দূতাবাস। দীর্ঘ সময় ধরে সুইডিশ দূতাবাস বাংলাদেশে পোল্যান্ডের শেনজেন ভিসা আবেদনের প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিল। তবে বুধবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে, পোল্যান্ডের হয়ে এই শেনজেন ভিসা প্রক্রিয়াকরণের কাজ তারা আর চালিয়ে যাবে না। এই সিদ্ধান্তের ফলে পোল্যান্ডগামী বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়াটি আমূল বদলে যাচ্ছে।

সুইডেন দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে পোল্যান্ডের শেনজেন ভিসার আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে ১৫ এপ্রিল ২০২৬। এই নির্ধারিত তারিখের পর সুইডিশ দূতাবাস আর পোল্যান্ডের পক্ষে কোনো আবেদন গ্রহণ বা প্রক্রিয়া করবে না। ফলে পোল্যান্ডকে প্রধান গন্তব্য করে যারা ইউরোপে প্রবেশের পরিকল্পনা করছেন, তাদের এখন থেকে সরাসরি পোলিশ কর্তৃপক্ষের নির্ধারিত আপডেট পদ্ধতি অনুসরণ করতে হবে।

সুইডেন দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, “পোল্যান্ড যদি আপনার ভ্রমণের প্রধান গন্তব্য হয়, তবে আপনাকে সরাসরি পোলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।” মাঝখানে সুইডেনের যে মধ্যস্থতা ছিল, তা ১৫ এপ্রিলের পর থেকে আর কার্যকর থাকছে না। আবেদনকারীদের যেকোনো অনুসন্ধান বা দিকনির্দেশনার জন্য এখন থেকে সরাসরি পোলিশ দূতাবাসের গাইডলাইন অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। হুট করে এই প্রতিনিধি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় অনেক আবেদনকারীকে এখন নতুন করে ফাইল প্রস্তুত করতে হবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version