ফ্রান্সের রাজধানী প্যারিসের বৃহত্তম শহরতলি সেন্ট-ডেনিস এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। নবনির্বাচিত কৃষ্ণাঙ্গ মেয়র বালি বাগায়োকোর বিরুদ্ধে টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী প্রচারণার প্রতিবাদে শনিবার রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ।
মালির বংশোদ্ভূত ৫২ বছর বয়সী এই ফরাসি নাগরিক গত ১৫ মার্চ কট্টর বামপন্থী দল ‘ফ্রান্স আনবোড’ থেকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। কিন্তু বিজয়ের পরপরই তাঁকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ও বর্ণবাদী মন্তব্যের ঝড় ওঠে, যা দেশটির অন্যতম জনপ্রিয় নিউজ চ্যানেল ‘সিনিউজ’-এ সরাসরি প্রচারিত হয়।
বিক্ষোভকারীরা সেন্ট-ডেনিস টাউন হলের সামনে জড়ো হয়ে এই ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা জানান। বাগায়োকো নিজেই এই আক্রমণকে প্রজাতন্ত্রের মূল্যবোধের পরিপন্থী হিসেবে অভিহিত করেছেন। এলএফআই নেতা জ্যঁ-লুক মেলেনচনও মিডিয়া অভিজাতদের সমালোচনা করে একে ‘বর্ণবাদের এক ভয়াবহ তরঙ্গ’ বলে বর্ণনা করেছেন। যদিও সরকারের বৈষম্যবিরোধী মন্ত্রী অরোর বার্গে স্বশরীরে উপস্থিত ছিলেন না, তবে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু এই ঘটনাকে ‘বর্ণবাদের স্বাভাবিকীকরণ’ হিসেবে কঠোর সমালোচনা করেছেন।
মেয়র বাগায়োকো ইতোমধ্যে সিনিউজ চ্যানেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ওপর চালানো আক্রমণের পৃথক তদন্ত শুরু করেছে পুলিশ।
