বাংলাদেশে বসবাসরত নাগরিকদের জন্য বিদেশি এয়ারলাইনের টিকিট আন্তর্জাতিক কার্ডে কেনার সুযোগ আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এটি গত বছরের ১৯ নভেম্বর জারি করা এ সংক্রান্ত নির্দেশনার সংশোধিত সংস্করণ।
সংশোধিত নির্দেশনা অনুযায়ী, বৈধ ভিসা থাকা সাপেক্ষে নিবাসী বাংলাদেশিরা বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে সরাসরি বিদেশি এয়ারলাইনের টিকিট কিনতে পারবেন।
আগে এ সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট এয়ারলাইনের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের কোনো অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি হতে হতো। নতুন নির্দেশনায় এই শর্ত শিথিল করা হয়েছে।
এখন বিদেশি এয়ারলাইনগুলো বাংলাদেশের বাইরে তাদের নিজস্ব আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে লেনদেন করলেও বাংলাদেশিরা আন্তর্জাতিক কার্ড দিয়ে তাদের টিকিট কিনতে পারবেন।
বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করা ১৭টি বিদেশি এয়ারলাইনের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। এয়ারলাইনগুলোর নিজস্ব মার্চেন্ট ক্যাটাগরি কোড (এমসিসি) ব্যবহার করে ডিলার ব্যাংকগুলো বৈধ টিকিট কেনার লেনদেন শনাক্ত করবে।
তবে নতুন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব টিকিট কেনার খরচ কার্ডধারীর বার্ষিক আন্তর্জাতিক ভ্রমণ কোটার (ট্রাভেল এনটাইটেলমেন্ট) মধ্যে ধরা হবে না।
টিকিট কেনার লেনদেন যাচাই ও নিশ্চিত হওয়ার পর, কার্ডধারীর সঙ্গে চুক্তি অনুযায়ী ব্যাংকগুলো আন্তর্জাতিক কার্ডে খরচ হওয়া অর্থের সমপরিমাণ পুনরায় যুক্ত করতে পারবে।
এ ছাড়া, এ ধরনের সব লেনদেনের তথ্য নির্ধারিত পদ্ধতিতে নিয়মিত বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যবসায়িক খাতের সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এর ফলে বিদেশি এয়ারলাইনগুলোকে বাংলাদেশে আলাদা স্থানীয় পেমেন্ট অ্যাকোয়ারিং ব্যবস্থা না রেখেও অনলাইনে টিকিট বিক্রি করা সহজ হবে। একই সঙ্গে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট কেনার প্রক্রিয়াও আরও সহজ হবে।
