বুধবার, ১লা জুলাই, ২০২৬   |   ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের দেশ ফ্রান্সের প্যারিসে বসেছিল প্রবাসী বাঙালিদের এক বিশাল প্রাণের মেলা। গত ২৭ জুন শনিবার, ‘স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্স’-এর উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী উৎসব ও বাংলার মেলা ২০২৬’।

প্যারিসের প্লেস বাতাই দে স্তালিনগ্রাদের জোরেস পার্কে দুপুর সাড়ে তিনটা থেকেই দূর-দূরান্ত থেকে প্রবাসী বাঙালিরা মেলায় আসতে শুরু করেন। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতির ছোঁয়া ও আমেজ ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন করা হয়। মেলা প্রাঙ্গণে ছিল হরেক রকমের বর্ণিল সব স্টল বা দোকান, যেখানে বাঙালি ঐতিহ্য, পোশাক ও সংস্কৃতির নানা জিনিস তুলে ধরা হয়।

হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত এই মেলার মূল আকর্ষণ ছিল একটি জমকালো কনসার্ট। এই অনুষ্ঠানে গান গাইতে বাংলাদেশ থেকে এসেছিলেন জনপ্রিয় সব সঙ্গীত শিল্পীরা। মেমোরিয়াল মঞ্চে একে একে নিজেদের সুরের জাদু ছড়ান দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর দাস, সালমা আক্তার এবং সাথী খানসহ আরও অনেকেই। তাদের চিরচেনা বাংলা গান শুনে উপস্থিত প্রবাসীরা আনন্দে মেতে ওঠেন।

উৎসবের একবারে শেষভাগে এসে দর্শকদের মাঝে বাড়তি আনন্দ ও উত্তেজনা ছড়ায় একটি আকর্ষণীয় লটারি খেলা। এই লটারির প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় সবার বহুল কাঙ্ক্ষিত ‘প্যারিস-ঢাকা-প্যারিস’ বিমানের একটি ফ্রি টিকিট। এই লটারির ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়েই প্রবাসী বাঙালিদের মিলনমেলার এই জমকালো আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version