ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় মর্যাদাপূর্ণ ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ মোহাম্মদ আলী চৌধুরী। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত শীর্ষ শেফদের সঙ্গে লড়বেন তিনি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, পাঁচ মহাদেশের অসংখ্য প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের আসরের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছেন মাত্র ১৮ জন শেফ। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ আলী চৌধুরী।
আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর প্যারিসের কনকর্ড এলাকায় আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি উৎসবের অংশ হিসেবে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এতে বিচারকের দায়িত্ব পালন করবেন ফ্রান্সের প্রধানমন্ত্রীর শেফ রোমাঁ বেসেরোঁ, আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি ভিলেজের প্রতিষ্ঠাতা অ্যান-লর দেসকম্বিনসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ খাদ্য বিশেষজ্ঞরা।
১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেবেন মোহাম্মদ আলী চৌধুরী। এ সময় আন্তর্জাতিক বিচারকদের সামনে বাংলাদেশের পতাকা হাতে নিজের রান্নার দক্ষতা, সৃজনশীলতা ও খাবার পরিবেশনের নৈপুণ্য তুলে ধরবেন তিনি।
বিশ্বের মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় আলী চৌধুরীর অংশগ্রহণ বাংলাদেশের রন্ধনশিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর এ অর্জন দেশের শেফদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
