মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬   |   ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপারমার্কেটের হিমায়ন যন্ত্রে (রেফ্রিজারেশন ইউনিট) সাম্প্রতিক সাইবার হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছে ফ্রান্স। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটি।

সোমবার ফ্রান্সের কর্তৃপক্ষ জানায়, হামলাগুলোর সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সংশ্লিষ্ট একটি সাইবার ইউনিটের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। এসব হামলায় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হবে।

গত ১১ ও ১২ অক্টোবর ফ্রান্সের সুপারমার্কেটগুলোতে চালানো সাইবার হামলা প্রসঙ্গে বারো বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলা চালিয়েছে।’

এদিকে প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট আক্রমণাত্মক সাইবার ইউনিট ‘শহীদ কাভেহ’-এর প্রধান ও তাঁর দুই উপপ্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

সাংবাদিকদের বারো বলেন, ‘আগ্রাসনের মাত্রার দিক থেকে এ হামলা ছিল নজিরবিহীন।’

তিনি আরও বলেন, ‘ফ্রান্সের ভূখণ্ডে নাশকতার উদ্দেশ্যে চালানো এটিই প্রথম বড় ধরনের সাইবার হামলা। এটি দেশের স্বার্থ ও ফরাসি জনগণের নিরাপত্তার ওপর বড় আঘাত। এ কারণেই এই হামলার জবাব দেওয়া হবে।’

বারো বলেন, ‘এই হামলার জবাব দিতে এবং ভবিষ্যতে কেউ যাতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটাতে না পারে, সে জন্য আমরা প্রয়োজনীয় ও আনুপাতিক সব ধরনের ব্যবস্থা নেব। এসব পদক্ষেপ প্রকাশ্যেও হতে পারে, গোপনেও হতে পারে।’

তদন্তকারীরা জানিয়েছেন, হামলাকারীরা ফারসি ভাষা এবং ইরানে অবস্থিত বিভিন্ন ডিভাইসের সঙ্গে সংশ্লিষ্ট আইপি অ্যাড্রেস ব্যবহার করে হামলা চালায়। ইন্টারনেটের মাধ্যমে সুপারমার্কেটগুলোর হিমায়ন ব্যবস্থায় প্রবেশ করে তারা দূর থেকেই রাতারাতি যন্ত্রগুলোর তাপমাত্রা বাড়িয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে (১২২ ডিগ্রি ফারেনহাইট) নিয়ে যায়।

ফ্রান্সের পাঁচটি সুপারমার্কেট চেইন—ই-লেক্লের, ইন্টারমার্শে, ক্যারিফোর, মনোপ্রি ও কো-অপারেটিভ ইউ—এই হামলার শিকার হয়েছে।

ইন্টারমার্শে ও এর সহযোগী ব্র্যান্ড নেটোর অন্তত ৩০০টি দোকান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কো-অপারেটিভ ইউ জানিয়েছে, তাদের শতাধিক সুপারমার্কেট হামলার লক্ষ্যবস্তু হয়েছে। অন্যদিকে, ক্যারিফোরের ৮০টি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। মনোপ্রি জানিয়েছে, তাদের প্রায় ৪৯০টি দোকানের মধ্যে ৫ শতাংশ হামলার শিকার হয়েছে।

গত ২ নভেম্বর ইউরোপের আরও কয়েকটি দেশের সুপারমার্কেটে হিমায়ন ব্যবস্থায় একই ধরনের সমস্যার খবর পাওয়া যায়। বেলজিয়াম, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ ও সুইডেনে রাতারাতি হিমায়ন যন্ত্রের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে কয়েক ডজন দোকান ও একটি খাদ্য বিতরণকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version