বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬   |   ২৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনযাত্রার লাগামহীন ব্যয়ের প্রতিবাদে দেশজুড়ে চলা তীব্র গণবিক্ষোভ প্রশমিত করতে পূর্বনির্ধারিত সময়ের এক মাস আগেই জাতীয় ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার।

ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকরনু সোমবার ঘোষণা করেছেন যে, ন্যূনতম মজুরিতে ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির এই সিদ্ধান্ত মূলত ২০২৭ সালের শুরু থেকে কার্যকরের কথা ছিল; তবে তা এগিয়ে এনে চলতি ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকেই কার্যকর করা হবে।

অনুদানের অভাবে ধুঁকতে থাকা স্কুলগুলোতে রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়ানোর দাবিতে শিক্ষার্থীদের হাত ধরে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে এক ব্যাপক গণআন্দোলন ও সহিংস অস্থিরতায় রূপ নেওয়ার কয়েক সপ্তাহের মাথায় সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ এলো। ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া তরুণদের বর্তমান বিক্ষোভের অংশ হিসেবে ফ্রান্সে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল।

বর্তমানে ফ্রান্সে মাসিক ন্যূনতম মজুরি ১ হাজার ৪৭৭ দশমিক ৯৩ ইউরো (প্রায় ১,৬৫৬ ডলার)। নতুন ১ দশমিক ৬ শতাংশ বা ২৪ ইউরো (২৭ ডলার) বৃদ্ধির ফলে তা বেড়ে দাঁড়াবে ১ হাজার ৫০২ ইউরোতে (প্রায় ১,৬৮৩ ডলার)।

এক সংবাদ সম্মেলনে দেশটির শ্রমমন্ত্রী জঁ-পিয়েরে ফারান্দো বলেন, ‘এসএমআইসি [ন্যূনতম মজুরি]-এর ক্ষেত্রে আমরা দুটি সিদ্ধান্ত নিয়েছি: প্রথমত, ১ জানুয়ারির পরিবর্তে মজুরি বৃদ্ধি ১ ডিসেম্বর থেকে কার্যকর করা এবং দ্বিতীয়ত, এই বৃদ্ধির হার বাড়িয়ে ১.৬ শতাংশ করা।’

প্রধানমন্ত্রী লেকরনু সাংবাদিকদের বলেন, এই পদক্ষেপটি মূলত ‘গত ২০ বছরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মজুরি বৃদ্ধি; তাই এটিকে খাটো করে দেখার সুযোগ নেই।’ তিনি জোর দিয়ে বলেন, সরকারের এই সিদ্ধান্ত ‘কেবল কোনো প্রতীকী উদ্যোগ নয়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্তটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছে, যাতে এর কারণে কোনো প্রতিষ্ঠান থেকে কর্মী ছাঁটাই বা কর্মসংস্থান হারানোর ঝুঁকি তৈরি না হয়।’
এর আগে সর্বশেষ গত জুনে মূল্যস্ফীতি সামাল দিতে দেশটিতে ৩৫ ইউরো (৩৯ ডলার) ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছিল।

তবে নির্ধারিত সময়ের আগেই এই মজুরি কার্যকর করার উদ্যোগ নেওয়া হলেও তা দেশটির প্রধান শ্রমিক ইউনিয়নগুলোর দাবির ধারেকাছেও পৌঁছাতে পারেনি। ফ্রান্সের বৃহত্তম শ্রমিক সংগঠন সিএফডিটি অন্তত ১০০ ইউরো (১১২ ডলার) মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। অন্যদিকে বামপন্থি শ্রমিক ইউনিয়ন সিজিটি (CGT) দাবি করেছে ১০ শতাংশ মজুরি বৃদ্ধির, যা মাসিক হিসেবে প্রায় ১৫০ ইউরো (১৬৮ ডলার)।

সিএফডিটির প্রধান মেরিলিস লিওন সরকারের এই সিদ্ধান্তকে ‘একেবারেই অপর্যাপ্ত’ বলে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে সিজিটি প্রধান সোফি বিনেত এই সামান্য বৃদ্ধিকে তীব্র কটাক্ষ করে ‘খাবারের উচ্ছিষ্ট’ বলে অভিহিত করেছেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version