রাজধানীর কোটি মানুষের সুপেয় পানির দীর্ঘদিনের হাহাকার মেটাতে এক বিশাল কর্মযজ্ঞে হাত দিয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ ফ্রান্স। বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-চার্লেত। বৈঠকে ঢাকার নগর অবকাঠামো এবং বিশেষ করে পানি সরবরাহ ব্যবস্থার আমূল পরিবর্তনে ফ্রান্সের বিশাল বিনিয়োগ ও সহযোগিতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশের স্থানীয় সরকার খাতে ফ্রান্সের মোট বিনিয়োগ ও প্রতিশ্রুতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৯০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় যা কয়েক হাজার কোটি টাকা)। ফরাসি উন্নয়ন সংস্থা ‘এএফডি’ এর মাধ্যমে এই অর্থ ব্যয় করা হচ্ছে মূলত ঢাকার পানির সংকট দূর করতে। সাক্ষাতকারে দুটি মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়:
গন্ধবপুর পানি শোধন প্ল্যান্ট: এটি ফ্রান্সের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। এটি পুরোপুরি চালু হলে ঢাকা মহানগরীর ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা প্রায় শেষ হয়ে আসবে এবং কোটি মানুষ সরাসরি সুপেয় পানি পাবে।
সায়েদাবাদ পানি শোধন প্ল্যান্ট (ফেজ-৩): ফ্রান্সের পাশাপাশি জার্মানি, ডেনমার্ক এবং ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে এই বিশাল প্রকল্পের কাজ চলছে, যা রাজধানীর পানি শোধন সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
ফরাসি রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশের নতুন সরকারের সাথে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নগর উন্নয়নে তারা আগের চেয়েও নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। শুধু অর্থায়নই নয়, কারিগরি দক্ষতা বিনিময়ের মাধ্যমে ঢাকার জনসেবা নিশ্চিত করতে ফ্রান্স সর্বাত্মক সহযোগিতা দেবে। এলজিআরডি মন্ত্রী এই সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন এবং প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।
