বৃহস্পতিবার, ১৯ই মার্চ, ২০২৬   |   ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

 শুক্রবার সকালে জার্মানির বার্লিনে একটি শপিং মলে বুনো শূকর ঢুকে পড়ার ঘটনায় হুলস্থুল পড়ে যায়। শহরের দক্ষিণ-পূর্ব কোপেনিক জেলার একটি মলে এই ঘটনা ঘটে। প্রাণভয়ে দোকানের কর্মীরা নিরাপদ স্থানে আশ্রয় নিলেও শূকরটির তাণ্ডবে গৃহসজ্জা ও তৈজসপত্রের একটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সময় সকাল ৯টার দিকে একটি স্লাইডিং কাঁচের দরজা দিয়ে শূকরটি মলের ভেতরে ঢুকে পড়ে। এরপর একটি দোকানে ঢুকে প্রাণীটি তার স্বভাবসুলভ আচরণ শুরু করে। এখানে-সেখানে গুঁতো দেওয়া এবং তাক থেকে জিনিসপত্র ফেলে দিয়ে দোকানটি তছনছ করতে থাকে সে। অবস্থা বেগতিক দেখে দ্রুত পুলিশ ও প্রাণিবিশেষজ্ঞদের খবর দেওয়া হয়।

পুলিশ ও বার্লিনের টিয়েরপার্ক চিড়িয়াখানার একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রাণীটিকে কাবু করতে তারা কাঠের ঢাল, অ্যানেস্থেটিক গান (অচেতন করার ইনজেকশন গান) ও ব্লো গান নিয়ে ‘যুদ্ধের সাজে’ প্রস্তুতি নেন। তবে দোকানের ভেতরের নকশার কারণে প্রাণীটিকে অচেতন করা বেশ ঝুঁকিপূর্ণ ছিল।

শেষ পর্যন্ত বিশেষজ্ঞরা কোনো অস্ত্রের ব্যবহার ছাড়াই শান্তিপূর্ণভাবে সংকটের সমাধানের পথ খোঁজেন। তাঁরা কাঠের পাটাতন বিছিয়ে একটি কৃত্রিম পথ তৈরি করেন, যেন শূকরটি নিজেই দোকান থেকে বেরিয়ে যেতে পারে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে শূকরটি সেই পথ ধরে দোকান থেকে বের হয়ে সরাসরি পাশের জঙ্গলে চলে যায়।

পরে পুলিশ জানায়, সংকট কেটে গেছে এবং প্রাণীটি যেখান থেকে এসেছিল সম্ভবত সেখানেই ফিরে গেছে। এই ঘটনায় কোনো মানুষ হতাহত না হলেও দোকানের মালামালের বেশ ক্ষতি হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version