বৃহস্পতিবার, ১৯ই মার্চ, ২০২৬   |   ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণের লক্ষ্যে গঠিত ‘রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি’ পর্তুগাল শাখার অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী লিসবনের একটি অভিজাত হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক সালেহ আহম্মেদ রাজন।

সংগঠনের সভাপতি রাহুল আহম্মেদ মতিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি জুবেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবনস্থ বাংলাদেশ দূতাবাসের পার্সোনাল অফিসার রিয়াসত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দিন ও সাবু মিয়া খান। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান সাকির। এছাড়াও কমিউনিটির আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা পর্তুগালে প্রবাসীদের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। বিশেষ করে, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি, ঢাকা-লিসবন সরাসরি ফ্লাইট চালু এবং বাংলাদেশে পর্তুগালের একটি স্থায়ী দূতাবাস স্থাপনের জন্য জোর দাবি উত্থাপন করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই সংগঠনের মাধ্যমে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় এবং পারস্পরিক সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব হবে।

পরিশেষে, বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত বক্তারা মনে করেন, প্রবাসে ঐক্য ও কমিউনিটির সার্বিক উন্নয়নে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version