অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, হামলার ঘটনার ভিডিও তারা দেখেছেন। হামলায় জড়িত ব্যক্তিরাই ভিডিও ধারণ করে তা প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশে যে আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব, সে প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, ‘আমরা অবশ্যই এটা ছেড়ে দেব না। এটা কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।’
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন হামলার অভিযোগের প্রসঙ্গও তোলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা যায় কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে।
জাহেদ উর রহমান বলেন, ‘আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না। ইট ইজ এ মাফিয়া গ্যাং।’তার ভাষ্য, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেশে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কি না, বাঁধনের ওপর হামলার ঘটনা সেই প্রশ্নকে নতুন করে সামনে এনেছে।
তিনি বলেন, অতীতে বিভিন্ন ঘটনার পরও যদি আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম অনুশোচনা থাকত এবং রাজনীতিতে ফিরে আসার প্রকৃত ইচ্ছা থাকত, তাহলে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটত না।
আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে তার জন্য এক ধরনের অর্জন ও সম্মান হিসেবেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থকদের হাতে হেনস্তার শিকার হওয়াই প্রমাণ করে বাঁধন সঠিক পথেই ছিলেন।
বাঁধন সম্প্রতি ফেসবুক লাইভে নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেছিলেন—এ প্রসঙ্গ টেনে জাহেদ উর রহমান বলেন, ‘ইয়েস, আই অ্যাম।’তিনি আরও বলেন, একইভাবে আরও অনেকেই হামলার শিকার হতে পারেন। তবে এসব হামলার ভয় তাদের দমিয়ে রাখতে পারবে না।
‘আমরা হামলার শিকার হতে পারি, বাট উই ডোন্ট কেয়ার—একেবারেই না,’ বলেন তথ্য উপদেষ্টা।
