বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬   |   ২৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির ফানো শহরে মধ্যরাতে এক ভয়াবহ পারিবারিক সংঘর্ষে বাংলাদেশি বংশোদ্ভূত ২০ বছর বয়সী এক যুবকের ছুরিকাঘাতে তার বাবা, মা ও ছোট ভাই গুরুতর জখম হয়েছেন। স্থানীয় সময় রাত ৪টার দিকে ঘটা এই নৃশংস ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে এবং বর্তমানে সে বিচারিক হেফাজতে রয়েছে। প্রবাসে নিজ পরিবারের সদস্যদের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর স্তব্ধতা ও আতঙ্ক বিরাজ করছে।

তদন্তকারীদের তথ্যমতে, ভোররাতে ওই বাড়ি থেকে প্রচণ্ড চিৎকার-চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছিল। তুচ্ছ একটি বিষয় নিয়ে শুরু হওয়া ঝগড়া এক পর্যায়ে চরম আকার ধারণ করলে ওই যুবক উত্তেজিত হয়ে পড়ে। তাকে শান্ত করতে এগিয়ে আসলে সে তার ৪৬ বছর বয়সী বাবা এবং ৪৩ বছর বয়সী মায়ের ওপর ধারালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনার এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আহত মা নিজেই পুলিশকে খবর দেন। দ্রুত উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে আনকোনার একটি হাসপাতালে পাঠায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত বাবার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে মা ও ছোট ভাই বর্তমানে বিপদমুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করার পর তার শারীরিক ও মানসিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই হামলার পেছনে কোনো মানসিক অসুস্থতা বা বিশেষ কোনো কারণ ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version