বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬   |   ২৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে ব্যবহার করে স্পেন এবং ইতালিতে ভয়াবহ এক যৌন নিপীড়ন ও হেনস্তা চক্র গড়ে ওঠার চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। ইউরোপীয় অলাভজনক সংস্থা ‘এআই ফরেনসিকস’-এর সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২৫ হাজার মানুষের একটি বিশাল নেটওয়ার্ক সম্মতিহীন যৌন কন্টেন্ট এবং শিশু পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়ার কাজে লিপ্ত রয়েছে। সংস্থাটি টেলিগ্রামের ১৬টি গ্রুপের প্রায় ২৮ লক্ষ বার্তা বিশ্লেষণ করে এই ভয়াবহ অপরাধচক্রের সন্ধান পেয়েছে।

এই চক্রটির অপরাধের ধরণ অত্যন্ত উদ্বেগের। তারা মূলত নারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও তাদের অনুমতি ছাড়াই গ্রুপগুলোতে ছড়িয়ে দিচ্ছে। এছাড়া শিশুদের ওপর যৌন নির্যাতনের ভিডিও আদান-প্রদান এবং বিক্রির মাধ্যমে বড় অংকের অর্থ উপার্জন করছে অপরাধীরা। এই গ্রুপগুলোতে প্রবেশের জন্য এককালীন ৫০ ইউরো পর্যন্ত ফি নেওয়া হচ্ছে এবং বিশেষ ভিডিও দেখার জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি-ও আদায় করা হচ্ছে। আরও ভয়ের বিষয় হলো, এখানে ‘নুডিফাইং’ নামক এআই বটের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, যা দিয়ে সাধারণ পোশাক পরিহিত ছবিকে কৃত্রিমভাবে নগ্ন ছবিতে রূপান্তর করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, এই চক্রটি কেবল টেলিগ্রামেই সীমাবদ্ধ নয়। অপরাধীরা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ থেকে সাধারণ নারীদের ছবি সংগ্রহ করে এবং রেডডিট-কে সদস্য সংগ্রহের মাধ্যম হিসেবে ব্যবহার করে। পরবর্তীতে সেই বিকৃত কন্টেন্টগুলো টিকটক ও ইনস্টাগ্রামেও ছড়িয়ে দেওয়া হয়। বর্তমানে ইতালিতে ২৭ হাজার এবং স্পেনে ২৫ হাজার মানুষ নিয়মিত এই ধরণের কন্টেন্ট দেখছে। এআই ফরেনসিকস জানিয়েছে, টেলিগ্রামের বর্তমান নিয়ন্ত্রণ ব্যবস্থা এই অপরাধ দমনে একেবারেই অপর্যাপ্ত, কারণ একটি গ্রুপ বন্ধ করলে কয়েক ঘণ্টার মধ্যেই নতুন গ্রুপ খুলে সক্রিয় হচ্ছে অপরাধীরা।

এই পরিস্থিতিতে সংস্থাটি ইউরোপীয় কমিশনকে অনুরোধ করেছে যাতে টেলিগ্রামকে ‘ডিজিটাল সার্ভিস অ্যাক্ট’ এর অধীনে কঠোর আইনি জবাবদিহিতার আওতায় আনা হয়। উল্লেখ্য, গত মাসেই ইউরোপীয় পার্লামেন্ট এআই দিয়ে নগ্ন ছবি তৈরির সিস্টেম নিষিদ্ধ করার পক্ষে সমর্থন দিয়েছে। পরিসংখ্যান বলছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ১৫ বছর বয়সের পর প্রতি ৩ জন নারীর মধ্যে ১ জন কোনো না কোনোভাবে যৌন সহিংসতার শিকার হন, যার একটি বড় অংশই এখন সাইবার জগতের মাধ্যমে সংঘটিত হচ্ছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version