শনিবার, ২৫ই এপ্রিল, ২০২৬   |   ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চার মাসে সমুদ্রপথে দেশটিতে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত মোট ৭ হাজার ৬৪৩ জন অভিবাসী ইতালির উপকূলে পৌঁছেছেন, যার মধ্যে ২ হাজার ৬৬ জনই বাংলাদেশি নাগরিক। শতাংশের হিসেবে দেখা যাচ্ছে, মোট আগমনের প্রায় ২৭ শতাংশই বাংলাদেশের।

পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় ইতালিতে সমুদ্রপথে অভিবাসীদের মোট আগমনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালের একই সময়ে যেখানে ১৬ হাজার ৯০ জন এবং ২০২৫ সালে ১৩ হাজার ৯ জন অভিবাসী এসেছিলেন, সেখানে এ বছর এই সংখ্যা ৮ হাজারের নিচে নেমে এসেছে। তবে সামগ্রিক সংখ্যা কমলেও বাংলাদেশিদের আগমনের হার উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশিদের পর এই তালিকায় রয়েছে সোমালিয়া (৯৫৬ জন), পাকিস্তান (৭৯৭ জন) এবং সুদান (৬৮১ জন)।

ইতালির অভিবাসন চিত্রে অপ্রাপ্তবয়স্কদের উপস্থিতিও গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে। ২০২৬ সালের ২০ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৪৯৫ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক ইতালিতে পৌঁছেছেন, যা গত বছর ছিল ১২ হাজার ১৭৭ জন। এপ্রিল মাসের দৈনিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কিছু দিনে কোনো অভিবাসী না পৌঁছালেও ২০ এপ্রিল এক দিনেই রেকর্ড ২১৬ জন উপকূলে ভিড়েছেন। ইউরোপীয় ইউনিয়নের কঠোর অভিবাসন নীতির মধ্যেও সমুদ্রপথের এই ঝুঁকি এবং বাংলাদেশিদের আধিপত্য আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version