সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬   |   ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে অবস্থানরত বিপুলসংখ্যক অনিয়মিত অভিবাসীর বৈধতার দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে রাজধানী রোম-এ। সম্প্রতি শহরের ঐতিহাসিক পিয়াচ্ছা ভিত্তোরিও এলাকায় সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত সমাবেশে শত শত অভিবাসী অংশ নেন। আন্দোলনকারীরা অবিলম্বে বৈধতার সুযোগ (সাধারণ ক্ষমা বা আইনগত স্বীকৃতি দেওয়া) চালুর জন্য সরকারকে আহ্বান জানান।

তিন দশকের দাবির নতুন অধ্যায়

ইতালিতে অনিয়মিত অভিবাসীদের বৈধতার আন্দোলন নতুন নয়। প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশিসহ এশিয়া-আফ্রিকার বিভিন্ন দেশের শ্রমিকরা কর্মসংস্থান, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও আইনি সুরক্ষার দাবিতে আন্দোলন করে আসছেন। সমাবেশে বক্তারা বলেন, অনেকেই বৈধ ভিসায় ইতালিতে প্রবেশ করলেও চাকরি হারানো, বসবাসের অনুমতির মেয়াদ শেষ হওয়া বা দালালচক্রের প্রতারণার কারণে অবৈধ হয়ে পড়েছেন।তাদের অভিযোগ, কাজ করলেও চুক্তি নেই, বাসা ভাড়া নিতে সমস্যা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত ও পুলিশের অভিযানে সবসময় গ্রেপ্তারের ঝুঁকি। অভিবাসীদের মতে, বৈধতা পাওয়া মানবিক ও মৌলিক অধিকার।

নতুন আইন আরও কঠোর হতে পারে

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সম্প্রতি ইতালি সরকার মন্ত্রিসভা নতুন একটি খসড়া আইন অনুমোদন করেছে।আইনটি কার্যকর হতে হলে সংসদের দুই কক্ষেই পাস হতে হবে। খসড়া এই আইনের সম্ভাব্য দিকগুলো হলো, সীমান্ত নজরদারি বৃদ্ধি, অনিয়মিত প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা, আশ্রয় প্রক্রিয়া সীমিতকরণ ও দ্রুত বহিষ্কার প্রক্রিয়া। অভিবাসী সংগঠনগুলো আশঙ্কা করছে, এই আইন পাস হলে বৈধতার সুযোগ আরও কমে যাবে।

৬ লাখ অনিয়মিত অভিবাসী, দেড় লাখ বাংলাদেশি

সরকারি ও মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী বর্তমানে ইতালিতে প্রায় ৬ লাখ অনিয়মিত বিদেশি বসবাস করছেন। এর মধ্যে আনুমানিক দেড় লাখ বাংলাদেশি, যা দেশটির বৃহত্তম অনিয়মিত অভিবাসী কমিউনিটিগুলোর একটি। অনেক বাংলাদেশি কৃষি, রেস্টুরেন্ট, ডেলিভারি, নির্মাণ ও অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন, কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় ন্যূনতম শ্রম অধিকারও পাচ্ছেন না।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রবেশ বাড়ছেই

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর তথ্যে দেখা গেছে, ২০২৫ সালে প্রায় ৬৬ হাজার অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে,এর মধ্যে ৪০ হাজারেরও বেশি বাংলাদেশি।২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে ৭৫৯ বাংলাদেশি পৌঁছেছেন, অধিকাংশই বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রবেশ করেন।

সমাধানের ইঙ্গিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান খোঁজা হবে। তবে সরকার একইসঙ্গে অনিয়মিত অভিবাসন কঠোরভাবে নিয়ন্ত্রণের অবস্থানও পুনর্ব্যক্ত করেছে। অভিবাসী নেতাদের হুঁশিয়ারি, দাবি মানা না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন শুরু হবে।

শেষ কথা

ইতালিতে ৬ লাখ অনিয়মিত অভিবাসী, তাদের মধ্যে প্রায় দেড় লাখ বাংলাদেশি।একদিকে নতুন করে আসছে কঠোর আইন, অন্যদিকে বৈধতার দাবিতে আন্দোলন জোরদার

শেয়ার
মতামত দিন...

Exit mobile version