সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬   |   ২৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮৪ জন। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।

আইওএমের এক বিবৃতিতে বলা হয়, বেঁচে যাওয়া ব্যক্তিদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে নৌকাটি ডুবে যায়। শুক্রবার ভোর হওয়ার আগেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। জিবুতির পূর্ব উপকূলের কাছে গুহেরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানটি এডেন উপসাগরে বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি।

নৌকাটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিলেন। এটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনার পর ৮০ জনের বেশি যাত্রী প্রাণে বেঁচে যান। তাঁরা সবাই ইথিওপিয়ার নাগরিক। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জিবুতির কর্তৃপক্ষের উদ্ধার অভিযান চলছে।

জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোয়েসাক বলেন, জরুরি সহায়তা দিতে সংস্থাটির কর্মীরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন। তিনি এ ঘটনায় প্রাণহানির সংখ্যাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) কোয়েসাক জানান, নিহতের যে সংখ্যা জানানো হয়েছে, তা মূলত জিবুতির কর্তৃপক্ষের দাফন করা মরদেহের হিসাব। অভিবাসীদের কেউ কেউ নিজেরাই মরদেহ দাফন করেছেন। কর্তৃপক্ষ সেগুলো যাচাই করার পর সরকারি হিসাবে যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক সুযোগের সন্ধানে এই অভিবাসনপথ পাড়ি দিতে গিয়ে মানুষ কতটা ঝুঁকির মুখে পড়েন, এ দুর্ঘটনা তারই ভয়াবহ চিত্র তুলে ধরেছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version