পর্তুগালের রাজধানী লিসবনে ২০২৫ সালে অভিবাসী তল্লাশি ও অবস্থান নিয়ন্ত্রণ অভিযানে মোট ৩০ জন বিদেশীকে আটক করা হয় এবং একই সাথে প্রায় ১০০ জনকে স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাবলিক সিকিউরিটি পুলিশ (পিএসপি)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর লিসবন মেট্রোপলিটানের অধীনে ৯৪টি পুলিশি অভিযান পরিচালিত হয়, যার ফলে ৬,৭৮৫ জন বিদেশীর অবস্থান যাচাই করা হয়। এসব অভিযানেই অনিয়মিত অবস্থানে থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে, এবং ৯৯ জনকে দেশ থেকে স্বেচ্ছায় ফিরে যেতে বলা হয়েছে। আরও ১৮৪ জনের বিরুদ্ধে অভিবাসী আইন লঙ্ঘনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও পুলিশ তল্লাশি কার্যক্রমে ১,৫৩৭টি তদন্ত ও গৃহপরিচর্যা নিরীক্ষাও পরিচালনা করে, যাতে বিদেশিদের বসবাস ও বাসস্থান সম্পর্কে পুলিশে করা অভিযোগগুলো যাচাই করা হয়েছে। একই সময়ে ১৩২ জনের বিরুদ্ধে শেনজেন তথ্য ব্যবস্থায় (সিস) মামলা পাওয়া গেছে।
পুলিশ বলেছে, তারা “অবৈধ অভিবাসন, মানব পাচার ও সামাজিক দুর্বলতার সঙ্গে জড়িত পরিস্থিতি চিহ্নিত ও প্রতিরোধে প্রতিদিন কাজ চালিয়ে যাচ্ছে”।
