পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব রাষ্ট্রদূত ডমিঙ্গোস ফেজাস ভিতালের সঙ্গে বৈঠক করেছেন।
গত ১০ নভেম্বর ২০২৬ পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও পর্তুগালের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।
আলোচনায় ঢাকায় পর্তুগালের স্থায়ী দূতাবাস প্রতিষ্ঠা, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত শ্রমিক চলাচল-সংক্রান্ত (মোবিলিটি) চুক্তি বাস্তবায়ন, পররাষ্ট্র দপ্তরের পরবর্তী দফার আলোচনা আয়োজন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পায়।এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কল্যাণ ও দেশটির সমাজে তাদের একীভূত হওয়ার বিষয়েও মতবিনিময় করেন তাঁরা। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
