শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ মার্চ লিসবনের বেনফরমেসো রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি পর্তুগাল শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের আরেক যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম মিনহাজ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল পর্তুগাল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন। তিনি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাহফুজুল হক। তিনি প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং দেশের উন্নয়ন ও প্রবাসী কমিউনিটির কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর লায়লা মুনতাজেরী দীনা এবং দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার। এ ছাড়া দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে পর্তুগালে বসবাসরত বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতারাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন সিআরসিআইপিটি (CRCIPT) এর সাবেক সভাপতি আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহসহ অন্যরা। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।
দোয়া শেষে উপস্থিত অতিথি, নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন। পুরো আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার একটি উপলক্ষ হয়ে ওঠে।
