পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে ইউরো এশিয়ার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সদস্যরা এ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান। ইফতার মাহফিলে আগত অতিথিরা বলেন , প্রবাস জীবনে এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করে এবং নতুন প্রজন্মকে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে পরিচিত করে।
ইউরো এশিয়ার কর্ণধার শরীফ আহসান বলেন , ভবিষ্যতেও তারা প্রবাসী কমিউনিটির কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি অব্যাহত রাখবেন। ইফতার মাহফিলে নারী-পুরুষ ও শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
