সোমবার, ২রা মার্চ, ২০২৬   |   ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবার ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতেও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, ইরান সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রোববার (১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

সাইপ্রাসে বর্তমানে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে। তবে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র সরাসরি দেশটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত নন জন হিলি। তা সত্ত্বেও তিনি একে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য ‘ক্রমবর্ধমান ও বাস্তব হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, একই সময়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দোহার বাসিন্দারা অন্তত ১১টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানি হামলায় এখন পর্যন্ত ১৬ জন আহত হয়েছেন এবং বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ইসরায়েলের তেল আবিবেও নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অঞ্চলজুড়ে একযোগে একাধিক বড় শহরে এ ধরনের হামলার ঘটনা আগে দেখা যায়নি বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা ইরানের ওপর ১ হাজার ২০০টির বেশি বোমা নিক্ষেপ করেছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version