পর্তুগালের সান্তারেন জেলার আউরেম পৌরসভার অন্তর্গত ঐতিহাসিক ফাতিমা শহরের একটি হোটেলে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক স্প্যানিশ নারী পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর।
আগুন কেবল ওই নারী পর্যটকের রুমের ভেতরেই সীমাবদ্ধ ছিল, তবে সুরক্ষার স্বার্থে হোটেলটিতে অবস্থানরত অন্য ৫৩ জন অতিথিকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
মধ্য টেজো সাব-রিজিওনাল ইমার্জেন্সি অ্যান্ড সিভিল প্রোটেকশন কমান্ড জানিয়েছে—রোববার দিবাগত রাত ১২টা ৩৯ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। দমকল কর্মীদের দ্রুত তৎপরতায় রাত ১টা ৬ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিহত নারী ওই হোটেলে থাকা স্প্যানিশ পর্যটকদের একটি দলের অংশ ছিলেন।
এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর ফাতিমা ও আউরেম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, জাতীয় জরুরি চিকিৎসা সংস্থা, ন্যাশনাল রিপাবলিকান গার্ড এবং জুডিশিয়াল পুলিশ-এর সমন্বয়ে একটি বড় দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে ২৮ জন দমকল কর্মী ও ১০টি জরুরি উদ্ধারকারী গাড়ি অংশ নেয়।
ফাতিমা ফায়ার সার্ভিসের একটি সূত্র নিশ্চিত করেছে—আগুন কেবল ওই ভুক্তভোগী নারীর রুমের ভেতরেই সীমাবদ্ধ ছিল, ফলে হোটেলের অন্য কোনো অংশে আগুন ছড়াতে পারেনি। অগ্নিকাণ্ডের পর হোটেলের বাকি অতিথিদের সাময়িকভাবে বাইরে বের করে আনা হয়। এই দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি হতাহত হননি। আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে পর্তুগালের জুডিশিয়াল পুলিশ তদন্ত শুরু করেছে।
