শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬   |   ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি পর্যটকসহ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সেবার মান বাড়াতে লিসবন বিমানবন্দরে ট্যাক্সির জন্য একটি নির্দিষ্ট বা স্থায়ী ভাড়ার (ফিক্সড ফেয়ার) নতুন পদ্ধতি চালু করা হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, হুমবার্তো দেলগাদো বিমানবন্দর থেকে লিসবনের যেকোনো গন্তব্যে পৌঁছাতে কর্মদিবসের দিনের বেলায় জোনের ওপর ভিত্তি করে ১৬ বা ১৯ ইউরো ভাড়া নির্ধারণ করা হয়েছে।
বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্দিষ্ট কিছু গন্তব্যে যেতে চালকদের অস্বীকৃতি জানানোর বিষয়ে দীর্ঘদিন ধরে যাত্রীদের কাছ থেকে প্রচুর অভিযোগ আসছিল।

এই নতুন ব্যবস্থার মাধ্যমে পর্যটকরা বিমানবন্দর ছাড়ার আগেই তাদের ভাড়ার সঠিক পরিমাণ জানতে পারবেন এবং গন্তব্যে পৌঁছে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়বেন না বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এলাকাভিত্তিক নির্দিষ্ট ভাড়া
লিসবন শহরকে দুটি নির্দিষ্ট জোনে ভাগ করে এই ভাড়ার কাঠামো তৈরি করা হয়েছে:
জোন ১: ১৬ ইউরো (দিনের বেলা)। এর মধ্যে রয়েছে পারকে দাস নাচোয়াস, আলভালাদে, আরেইরো, অ্যাভেনিডাস নোভাস, লুমিয়ার এবং অলিভাইস এলাকা।


জোন ২: ১৯ ইউরো (দিনের বেলা)। এর মধ্যে রয়েছে সেন্ট্রাল ও ঐতিহাসিক জেলা যেমন—বাইক্সা, চিয়াদো, বাইরো আল্তো, বেলেম, আলকান্তারা, এস্ত্রেলা এবং কাম্পো দে ওউরিক।

রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত, সেইসঙ্গে সপ্তাহের ছুটির দিন (উইকেন্ড) এবং সরকারি ছুটির দিনগুলোতে জোন ১-এর ভাড়া বেড়ে ২০ ইউরো এবং জোন ২-এর ভাড়া ২৩ ইউরো হবে। তবে এই নির্দিষ্ট ভাড়ার নিয়মটি কেবল বিমানবন্দর ট্যাক্সি স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া ট্যাক্সিগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে, লিসবনের অন্যান্য এলাকার সাধারণ ট্যাক্সি সেবার ক্ষেত্রে নয়।

যাত্রী সেবার মান বাড়াতে নতুন শর্ত
গত সেপ্টেম্বর মাসে লিসবন সিটি কাউন্সিল, বিমানবন্দর অপারেটর এএনএ (ANA), লিসবন ট্যুরিজম অ্যাসোসিয়েশন (ATL), পর্তুগিজ ট্যাক্সি ফেডারেশন (FPT) এবং ট্যাক্সি অ্যাসোসিয়েশন এএনটিআরএএল (ANTRAL)-এর মধ্যে আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এফপিটি (FPT)-এর তথ্য অনুযায়ী, নতুন এই ব্যবস্থায় যুক্ত হওয়া চালকেরা কোনো যাত্রীর গন্তব্যে যেতে অস্বীকার করতে পারবেন না। এছাড়া তাদের অবশ্যই ডিজিটাল পেমেন্ট ও ভাউচার গ্রহণের ব্যবস্থা রাখতে হবে, যাত্রীদের সঙ্গে ‘ভদ্র আচরণ’ করতে হবে এবং গাড়ি পরিষ্কার ও ভালো অবস্থায় রাখতে হবে। চালকদের পোশাকের বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে; এখন থেকে তারা ফ্লিপ-ফ্লপ, শর্টস বা স্লিভলেস শার্ট পরে গাড়ি চালাতে পারবেন না।

এর আগে গত আগস্টে পুলিশের এক অভিযানে প্রায় ১০০টি ট্যাক্সি পরীক্ষা করে ৬৭টি অনিয়ম ধরা পড়েছিল। মূলত বিমানবন্দরে ট্যাক্সি সেবার দুর্নাম ঘোচাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নভেম্বরের মধ্যে পুরোপুরি চালুর আশা
আজ থেকে নিয়মটি চালু হলেও এটি পুরোপুরি বাস্তবায়িত হতে কিছুটা সময় লাগবে। পর্তুগিজ ট্যাক্সি ফেডারেশনের সভাপতি কার্লোস সিলভা জানান, আজ থেকেই চালকদের স্বীকৃতি বা অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া শুরু হয়েছে, তবে বিমানবন্দরের ট্যাক্সি স্ট্যান্ডে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ব্যবস্থা এখনও পুরোপুরি চালু হয়নি। তিনি আশা করছেন আগামী নভেম্বরের শুরুর দিকে পুরো সিস্টেমটি পুরোপুরি সচল হবে।

ততদিনে আগমনী লাউঞ্জের ভেতর ও বাইরে নির্দিষ্ট ভাড়ার তথ্যসংবলিত ডিসপ্লে বোর্ডও স্থাপন করা হবে, যাতে পর্যটকরা সহজেই তা দেখতে পারেন। এর ফলে লিসবন বিমানবন্দরে পৌঁছানো পর্যটকদের জন্য ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version