মঙ্গলবার, ২৮ই এপ্রিল, ২০২৬   |   ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে পর্তুগালের রাজধানী লিসবনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। ‘বাংলাদেশ হিন্দু কমিউনিটি ইন পর্তুগাল এসোসিয়েশন’-এর উদ্যোগে গত ২৬ এপ্রিল, রবিবার লিসবনের অন্যতম জনপ্রিয় পার্ক ‘Parque da Quinta das Conchas e dos Lilases’-এ দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। লিসবনে বসবাসরত প্রায় সকল প্রবাসী বাংলাদেশি এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সকাল ১০টা ৩০ মিনিটে কালজয়ী গান “এসো হে বৈশাখ”-এর সুরের মূর্ছনায় অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর লিসবনের রাজপথে বের করা হয় এক বর্ণিল র‍্যালি, যা পর্তুগিজ ও অন্যান্য পর্যটকদের মাঝেও বেশ কৌতূহল সৃষ্টি করে। র‍্যালি শেষে অতিথিদের জলখাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোমুগ্ধকর নৃত্য এবং আবৃত্তি পরিবেশনা দর্শকদের মোহিত করে। প্রবাসের নতুন প্রজন্মের মাঝে বাঙালি ঐতিহ্যকে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মধ্যাহ্নভোজের পর বিকেলে বড় ও ছোটদের জন্য হাড়ি ভাঙা, পিলো পাসিং এবং দাবা প্রতিযোগিতার মতো ঐতিহ্যবাহী ও মজার খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক সম্পাদক অনিন্দিতা রায়ের প্রাণবন্ত সঞ্চালনায় এবং সংগঠনের সহ-সভাপতি উত্তম কুমার সরকারের সভাপতিত্বে (মূল সভাপতি স্বদীপ সরকার বাপ্পির অনুপস্থিতিতে) পুরো আয়োজনটি সম্পন্ন হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি এস. এম. গোলাম সারওয়ার।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, বিদেশের মাটিতে নিজেদের কৃষ্টি ও সংস্কৃতিকে লালন করা এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্যের আবহ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর এই আয়োজন করা হয়। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এই উৎসব লিসবনের বাংলাদেশি কমিউনিটির মাঝে এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version