মঙ্গলবার, ২৮ই এপ্রিল, ২০২৬   |   ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ইল দু ফ্রান্স বিভাগে যানজট কমাতে এবং শহরের প্রান্তিক এলাকাগুলোকে মূল নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চালু করা হয়েছে আধুনিক ‘আরবান কেবল কার’। ইউরোপের সবচেয়ে দীর্ঘ এই নগর কেবল কার ব্যবস্থাটি উদ্বোধনের পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দ্রুত এবং যানজটমুক্ত যাতায়াতের সুবিধা পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই কেবল কার ব্যবস্থাটি প্রতিদিন প্রায় ১১ হাজার যাত্রী পরিবহণে সক্ষম। সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি বাস্তবায়ন করতে ব্যয় হয়েছে প্রায় ১৩২ মিলিয়ন ইউরো। এটি এমন কিছু এলাকাকে মূল শহরের সাথে সংযুক্ত করেছে যা আগে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ফলে যাতায়াতের দীর্ঘ সময় যেমন সাশ্রয় হচ্ছে, তেমনি সড়কের ওপর থেকেও বাড়তি চাপ কমছে। 

আধুনিক এই যাতায়াত ব্যবস্থা স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। এই পরিবহণ ব্যবস্থা পরিবেশবান্ধব হওয়ায় এটি প্যারিসের টেকসই নগর পরিকল্পনার এক অনন্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

তথ্যসূত্র: সময় টিভি 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version