পর্যটকদের জন্য লিসবন বরাবরই স্বপ্নের শহর, কিন্তু এবার মিলল তার বৈজ্ঞানিক স্বীকৃতি। আইরিশ ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি ‘জাস্টকভার’ এর সাম্প্রতিক এক গবেষণায় লিসবনকে বিশ্বের ‘সবচেয়ে রঙিন শহর’ হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও কালার অ্যানালাইসিস ব্যবহার করে শহরটির ছবিতে ২৬ লক্ষেরও বেশি অনন্য রঙের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকরা। লিসবনের আলফামা অঞ্চলের ঐতিহাসিক রঙিন টাইলস, প্যাস্টেল রঙের বাড়ি এবং আইকনিক হলুদ ট্রাম সব মিলিয়ে এই পর্তুগিজ রাজধানী এখন বিশ্বের সেরা ‘ইনস্টাগ্রাম-ফ্রেন্ডলি’ গন্তব্য।
জাস্টকভারের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, যার বাতু কেভসের রঙিন সিঁড়িগুলো বিশ্বখ্যাত। তবে পর্তুগালের জন্য দ্বিগুণ খুশির খবর হলো, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোও তালিকার তৃতীয় স্থান দখল করে নিয়েছে। ডুরো নদীর তীরের লাল টাইলসের ছাদ আর রঙিন ঘরবাড়ি পোর্তোকে দিয়েছে এক অনন্য প্রাণবন্ত রূপ। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে কলম্বিয়ার কার্টাজেনা এবং ব্রাজিলের রিও ডি জেনেইরো। ইউরোপের শহরগুলোর মধ্যে ক্রোয়েশিয়ার ডাব্রোভনিক এবং স্পেনের বার্সেলোনাও এই তালিকায় জায়গা করে নিয়েছে।
