রবিবার, ১২ই জুলাই, ২০২৬   |   ২৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যানজট নিরসন, পরিবেশ দূষণ কমানো এবং নাগরিকদের যাতায়াত খরচ সাশ্রয় করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তো। একটি বিশেষ পৌর কর্মসূচির অধীনে শহরটির নিবন্ধিত বাসিন্দারা এখন থেকে সমগ্র পোর্তো মেট্রোপলিটন গণপরিবহন নেটওয়ার্ক জুড়ে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই মেগা প্রকল্প বাস্তবায়নে পোর্তো সিটি কাউন্সিলের প্রতি বছর ২০ থেকে ২৫ মিলিয়ন ইউরো পর্যন্ত ব্যয় হতে পারে।

গত শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে এই নিয়ম। এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, পোর্তো পৌরসভা এর অর্থায়ন করলেও যোগ্য বাসিন্দারা শুধু শহরের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না; তারা সমগ্র পোর্তো মহানগর এলাকা (১৭টি পৌরসভা নিয়ে গঠিত মেট্রোপলিটন অঞ্চল) জুড়ে যাতায়াত করতে পারবেন।

বিনামূল্যে ভ্রমণের এই সুবিধার আওতায় থাকছে পোর্তোর একক টিকেটিং ব্যবস্থা ‘আন্দান্তে’ (Andante) সমন্বিত পরিবহন নেটওয়ার্কের সবকটি মাধ্যম। যোগ্য বাসিন্দারা কোনো ভাড়া ছাড়াই ব্যবহার করতে পারবেন:

– পোর্তো মেট্রো পরিষেবা 

– STCP ও Unir নেটওয়ার্কের সমস্ত বাস

– সিপি শহরতলির ট্রেন

– শহরের ঐতিহ্যবাহী ট্রাম নেটওয়ার্ক

নদী পারাপারের ফেরি ও ওয়াটার ট্যাক্সি পরিষেবা

প্রাথমিকভাবে ২০২৬ সালের শেষের দিকে এই ব্যবস্থাটি চালু করার পরিকল্পনা ছিল। তবে কারিগরি ও প্রশাসনিক কাজ দ্রুত শেষ হওয়ায় নির্ধারিত সময়ের অনেক আগেই এর বাস্তবায়ন নিশ্চিত করল পৌরসভা।

এই সুবিধাটি পাওয়ার মূল শর্ত হলো—যাত্রীকে অবশ্যই পোর্তো পৌরসভার একজন নিবন্ধিত বাসিন্দা হতে হবে। এটি মূলত বাসিন্দাদের ‘কার্তাও পোর্তো’ বা পোর্তো কার্ডের সাথে সংযুক্ত থাকবে।

যাঁদের ইতিমধ্যে কার্ড আছে: তাঁদের বিনামূল্যে মেট্রোপলিটন পাসটি সক্রিয় করতে নিকটস্থ একটি ‘আন্দান্তে শপ’ বা পে-শপ আউটলেটে যেতে হবে। পোর্তোর মেয়র পেদ্রো দুয়ার্তে জানিয়েছেন, এই আপডেটটি করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে।

যাঁদের কার্ড নেই: তাঁরা অনলাইনে অথবা শহরের পৌর বাসিন্দা কার্যালয়ের মাধ্যমে নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই সুবিধাটি প্রতি বছর নবায়ন করতে হবে।

তরুণদের জন্য নিয়ম: যেসব তরুণ যাত্রীর কাছে ইতিমধ্যে পর্তুগাল জাতীয় যুব প্রকল্পের অধীনে ২৩ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে গণপরিবহন পাস রয়েছে, তাদের বর্তমান ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই।

উল্লেখ্য, এই সুবিধা শুধু পোর্তো শহরের স্থায়ী বাসিন্দাদের জন্য। পর্যটক, দর্শনার্থী বা মেট্রোপলিটন এলাকার অন্য ১৬টি পৌরসভার বাসিন্দাদের আগের মতোই টিকিট কেটে যাতায়াত করতে হবে।

তথ্যসূত্র: ইইউ টুডে 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version