সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬   |   ২৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

উৎসবের আনন্দ বিষাদে রূপ নিয়েছে ইউরোপের দেশ পর্তুগালে। চলমান ‘ইস্টার অপারেশন ২০২৬’-এ দেশটির সড়কগুলোতে ঝরছে একের পর এক প্রাণ। গত বছরের তুলনায় এবারের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, মাত্র তিন দিনেই নিহতের সংখ্যা গতবারের পুরো সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি ছাড়িয়ে গেছে। দেশটির পাবলিক সিকিউরিটি পুলিশ এবং ন্যাশনাল রিপাবলিকান গার্ড এর যৌথ অভিযানে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু এবং ৪২ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

২৭ মার্চ থেকে শুরু হওয়া ‘নিরাপদ ইস্টার ২০২৬’ অভিযানে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে শুধু শনিবারই প্রাণ হারিয়েছেন ৫ জন। পিএসপি একাই ১৪০০-র বেশি দুর্ঘটনার তথ্য দিয়েছে, আর জিএনআর পেয়েছে প্রায় ৬০০টি ঘটনার খবর। নিহতের পাশাপাশি ৬৬৮ জন সামান্য আহত হয়েছেন, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ রক্তক্ষয়ী রেকর্ড।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী নজিরবিহীন ধরপাকড় শুরু করেছে পুলিশ। অভিযানে এখন পর্যন্ত ৯৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ৩০৫ জন এবং বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে ১৮৪ জন শ্রীঘরে গেছেন। পুলিশ জানিয়েছে, প্রায় ৪১ হাজার যানবাহন রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে এবং ৪,৩৭৬টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দেওয়া হয়েছে।

জিএনআর-এর তথ্যমতে, সড়ক দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি, সিট বেল্ট ব্যবহার না করা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের অনুপযুক্ত ব্যবহারকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বাধ্যতামূলক পর্যায়ক্রমিক পরিদর্শন না থাকা এবং বিমা বিহীন গাড়ি চালানোর শত শত ঘটনা ধরা পড়েছে। উৎসবের মৌসুমে চালকদের এমন চরম দায়িত্বজ্ঞানহীনতা দেশজুড়ে শোকের ছায়া নামিয়ে এনেছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version