রবিবার, ৩রা মে, ২০২৬   |   ২০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত রেলওয়ে হাব ‘আভেইরো ট্রেন স্টেশন’-এর অবকাঠামো ও যাত্রীসেবার মান উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় অবকাঠামো সংস্থা ‘ইনফ্রাস্ট্রাকচারাস ডি পর্তুগাল’। স্টেশনটির সামগ্রিক সংস্কার ও আধুনিকায়নের লক্ষ্যে আনুমানিক ২০ লক্ষ ইউরো (প্রায় ২৬ কোটি টাকা) ব্যয় করা হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

এই মেগা প্রকল্পের আওতায় স্টেশনের পাশে অবস্থিত দুটি পুরোনো ভবনকে সম্পূর্ণ নতুন রূপে পুনর্নির্মাণ ও পুনরুদ্ধার করা হবে। প্রকল্পটির জন্য ইতিমধ্যে পাবলিক টেন্ডার বা নিলাম আহ্বান করা হয়েছে, যার আবেদনের সময়সীমা আগামী ১৮ মে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংস্কার কাজ শুরুর দিন থেকে ২১০ দিনের (প্রায় ৭ মাস) মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যেমন স্টেশনে কর্মরত কর্মীদের কাজের পরিবেশ উন্নত হবে, তেমনি নিশ্চিত করা হবে সর্বোচ্চ নিরাপত্তা ও আধুনিক সুযোগ-সুবিধা।

সাধারণ যাত্রীদের জন্য সবচেয়ে বড় খবর হলো, এই সংস্কারের পর স্টেশন চত্বরে একটি নতুন এবং বিশাল পাবলিক সার্ভিস ডেস্ক চালু করা হবে। আইপি-র প্রেস অফিস জানিয়েছে, নতুন এই সার্ভিস সেন্টারটি বর্তমানের তুলনায় অনেক বেশি প্রশস্ত ও আরামদায়ক হবে, যা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই স্টেশনের ব্যবহারকারীদের উন্নত সেবা নিশ্চিত করবে। পর্তুগালের ক্রমবর্ধমান পর্যটন ও স্থানীয় যাত্রীচাপ সামলাতে এই আধুনিকায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: দ্য পর্তুগাল নিউজ 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version