শনিবার, ১লা আগস্ট, ২০২৬   |   ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আয়োজনে কমিউনিটির ইফতার মাহফিল ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) লিসবনের বেনফরমোসো রোডের একটি রেস্তোরাঁর হলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর লায়লা মুনতাজেরী দীনা। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ইফতার মাহফিল ও আলোচনা পর্বে কমিউনিটির বিভিন্ন ব্যক্তিরা বক্তব্য দেন। রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ আহমদ প্রিন্স।

এসময় নবনিযুক্ত সভাপতি রাসেল আহমেদ বলেন, পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) বলেন, অতীতে যেভাবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব কমিউনিটির উন্নয়নে কাজ করেছে, সেই ধারাবাহিকতা বজায় থাকবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন। ইফতারের পর প্রেসক্লাবের সাবেক সভাপতি রনি মোহাম্মদ ফুল দিয়ে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি দুই বছর মেয়াদের জন্য পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহমেদ। সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন (আনন্দবাজার ও বাংলানিউজ২৪) এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) (ডিবিসি ও দৈনিক ইনকিলাব)।

যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই), অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান (নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), আন্তর্জাতিক সম্পাদক আমেনা খাতুন অশ্রু (দৈনিক গণকণ্ঠ)।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন রনি মোহাম্মদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এনামুল হক (পর্তুগাল বাংলা নিউজ), এস এম আজাদ (বাংলা টিভি), শাহ মোহাম্মদ তানভীর (সমকাল), মনির হোসেন (ইত্তেফাক), মো. মহিউদ্দিন (নিউজ–২১ বাংলা টিভি), রাহিব ফয়সাল, সজিব হোম রায় (দৈনিক কালের কণ্ঠ), সোহেল রানা (কালবেলা), আকবর হোসেন (ঢাকা মেইল) ও জহিরুল হক। উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার (প্রবাস কথা)।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version