বুধবার, ৩০ই সেপ্টেম্বর, ২০২৬   |   ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের সাইনেস পৌরসভার পোর্তো কোভোতে একটি হোটেল প্রকল্পের নির্মাণকাজের সময় মাটি চাপা পড়ে দুই বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত দুজনের একজন গিনির ২৬ বছর বয়সী নাগরিক এবং অন্যজন কেপ ভার্দের ২৮ বছর বয়সী নাগরিক। তারা নির্মাণস্থলের একটি প্রায় ৫ থেকে ৬ মিটার গভীর খালে কাজ করছিলেন। এ সময় হঠাৎ খালের মাটি ধরে রাখার দেয়াল ভেঙে পড়লে মাটি তাদের ওপর ধসে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় গতকাল বিকেলে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রথম শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাত ১১টা ২৫ মিনিটে দ্বিতীয় শ্রমিকের মরদেহও উদ্ধার করা হয়।

কোস্তা আলেন্তেজুর জরুরি ও বেসামরিক সুরক্ষা বিভাগের উপ-আঞ্চলিক কমান্ডার তিয়াগো বুজিও লুসা বার্তা সংস্থাকে জানান, শ্রমিক দুজন ৫ থেকে ৬ মিটার গভীরে মাটির নিচে চাপা পড়েছিলেন।

উদ্ধার অভিযান দ্রুত শুরু করা হলেও কোনো সময়ই উদ্ধারকারীরা দুই শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে থাকা চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন।

দুর্ঘটনার পর কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে তদন্ত শুরু করেছে পর্তুগালের কর্মপরিবেশ কর্তৃপক্ষ। বিশেষ করে নির্মাণস্থলে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার অভিযানে প্রায় ৩০ জন কর্মী অংশ নেন। গ্রান্দোলার ফায়ার সার্ভিসের ধসে পড়া স্থাপনা থেকে উদ্ধারকারী দলের প্রায় এক ডজন যানবাহন ঘটনাস্থলে ছিল। এ ছাড়া সাইনেস ও ওদেমিরার দমকলকর্মী, মনোবিজ্ঞানীদের একটি দল এবং জাতীয় জরুরি চিকিৎসা ইনস্টিটিউটের সদস্যরাও অভিযানে অংশ নেন। দুর্ঘটনার পর একটি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছিল, তবে পরে সেটির প্রয়োজন হয়নি।

দুর্ঘটনাটি ঘটে পেস্তানা হোটেল গ্রুপের পেস্তানা পোর্তো কোভো বিচ রেসিডেন্সেস পর্যটন প্রকল্পের নির্মাণস্থলে। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর চলতি সেপ্টেম্বরের শুরুতে স্থাপন করা হয়েছিল।

লুসাকে দেওয়া এক বিবৃতিতে পেস্তানা গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান কারভোয়েইরো গলফ জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তদন্ত ও উদ্ধারকাজে কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে।

দুই শ্রমিকের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পোর্তো কোভোতে কাজ করলেও দুজনই আলগারভে এলাকায় বসবাস করতেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version