সোমবার, ২০ই এপ্রিল, ২০২৬   |   ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাসের সুযোগে পর্তুগাল সরকার জ্বালানি তেলের ওপর দেওয়া বিশেষ কর ছাড় কিছুটা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে আগামী সপ্তাহে ডিজেলের দাম লিটারে যতটুকু কমার সম্ভাবনা ছিল, সাধারণ গ্রাহকরা তার পুরো সুফল পাচ্ছেন না। মূলত রাষ্ট্রীয় কোষাগারে ভারসাম্য বজায় রাখতেই সরকার কর ছাড়ের পরিমাণ কিছুটা সংকুচিত করেছে।

নতুন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের ওপর দেওয়া কর ছাড় লিটার প্রতি ১.৫ সেন্ট কমানো হয়েছে। অর্থাৎ, আগামী সপ্তাহ থেকে সরকার ডিজেল বিক্রি বাবদ প্রতি লিটারে ১.৫ সেন্ট অতিরিক্ত কর আদায় করবে। তবে পেট্রোলের ক্ষেত্রে গত সপ্তাহে নির্ধারিত ৪.৬ সেন্টের কর ছাড় অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি ১০০০ লিটার ডিজেলের জন্য এখন ২৯৩.২১ ইউরো এবং পেট্রোলের জন্য ৪৫১.৬৮ ইউরো কর  দিতে হবে।

বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছিল যে, আন্তর্জাতিক বাজারে দাম কমায় আগামী সপ্তাহে পর্তুগালে ডিজেলের দাম লিটার প্রতি প্রায় ১১ সেন্ট পর্যন্ত কমতে পারে। কিন্তু সরকারের এই ১.৫ সেন্টের কর সমন্বয়ের কারণে গ্রাহকরা লিটার প্রতি সর্বোচ্চ ৯.৫ সেন্ট পর্যন্ত দাম কমার সুবিধা পাবেন। অন্যদিকে, পেট্রোলের দামে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version