মঙ্গলবার, ২৭ই অক্টোবর, ২০২৬   |   ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে আবাসন সংকট ও বাড়িভাড়ার ঊর্ধ্বগতির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সংকট সমাধানে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো।

এ লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর পার্লামেন্টের বিভিন্ন দলের সঙ্গে পৃথক বৈঠক এবং ২ নভেম্বর বেলেম প্রাসাদে কাউন্সিল অব স্টেটের বৈঠক ডেকেছেন তিনি। এসব বৈঠকে সামাজিক সংহতি ও আবাসন সংকট নিয়ে আলোচনা হবে।

দেশটিতে আবাসনের ক্রমবর্ধমান ব্যয় নিয়ে হাজারো মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। অনেকের পক্ষেই নিজেদের সামর্থ্যের মধ্যে থাকার জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

সেগুরো বারবার বলেছেন, আবাসন সংকট সমাধানে দীর্ঘমেয়াদি সংস্কারের ওপর নির্ভর করলেই চলবে না। সংকটে চাপে থাকা পরিবারগুলোকে সহায়তা দিতে জরুরি পদক্ষেপও নিতে হবে।

প্রেসিডেন্টের এ উদ্যোগের কয়েক ঘণ্টা আগেই পার্লামেন্টে অর্থমন্ত্রী জোয়াকিম মিরান্দা সারমেন্তো বলেছিলেন, আবাসন সংকট মোকাবিলায় সরকার কার্যত সম্ভব সব পদক্ষেপই নিয়েছে। তবে সমস্যাটির সমাধানে সময় লাগবে বলেও স্বীকার করেন তিনি।

আবাসন সংকটকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রাখতে চান সেগুরো। তাঁর মতে, এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষের সহযোগিতা প্রয়োজন।

এদিকে, আগামী ২৮ অক্টোবর পার্লামেন্টে ২০২৭ সালের রাষ্ট্রীয় বাজেটের নীতিগত অনুমোদন নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। এমন সময়ে প্রেসিডেন্টের বৈঠক আহ্বানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আবাসন সংকট ছাড়াও ক্রমবর্ধমান বৈষম্য এবং বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের ব্যবধান নিয়ে উদ্বিগ্ন সেগুরো। তাঁর মতে, এসব বিষয়ও সামাজিক সংহতির সঙ্গে সম্পর্কিত।

গত মার্চে দায়িত্ব নেওয়ার পর এটি হবে কাউন্সিল অব স্টেটের সঙ্গে তাঁর দ্বিতীয় বৈঠক। আলোচনার মাধ্যমে নতুন কোনো আবাসন উদ্যোগ নেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সংকটটিকে অগ্রাধিকার দিয়ে সমাধানের বিষয়ে রাজনৈতিক নেতৃত্বকে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version