বুধবার, ১৭ই জুন, ২০২৬   |   ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে অভিবাসন নীতি ও প্রবাসীদের কর্মসংস্থান নিয়ে দেশটির পার্লামেন্টে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে বিতর্ক এখন তুঙ্গে। এর মধ্যেই সোশ্যালিস্ট পার্টির এক নারী সংসদ সদস্যের বক্তব্যকে বিকৃত করে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ উঠেছে কট্টর ডানপন্থী দল ‘শেগা’-এর বিরুদ্ধে। শেগা পার্টির একজন এমপি অভিযোগ করেছেন, সোশ্যালিস্ট পার্টির ওই নেত্রী নাকি বলেছেন, অভিবাসীরা ‘শুধু সিঁড়ি পরিষ্কার করার জন্যই উপযুক্ত’। তবে পর্তুগিজ ফ্যাক্ট-চেকিং মাধ্যমগুলোর অনুসন্ধানে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১১ই জুন অনুষ্ঠিত পার্লামেন্টের একটি দীর্ঘ পূর্ণাঙ্গ অধিবেশনে। সেখানে জাতীয় ভূখণ্ডে বিদেশিদের প্রবেশ, প্রস্থান এবং বহিষ্কারের মতো সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল। অধিবেশনে শেগা পার্টির সংসদ সদস্য রিকার্ডো রেইস সরকারের অভিবাসন নীতিকে ‘দুর্বল’ আখ্যা দিয়ে অনথিভুক্ত প্রবাসীদের অবিলম্বে ‘পুনঃপ্রবাসন’ বা নিজ দেশে ফেরত পাঠানোর জোর দাবি জানান। এর পরপরই তিনি সমাজতন্ত্রীদের কটাক্ষ করে দাবি করেন, সোশ্যালিস্ট পার্টির একজন এমপি পর্তুগালে কর্মরত অভিবাসীদের খাটো করে বিতর্কিত মন্তব্য করেছেন।

পর্তুগিজ ফ্যাক্ট-চেকিং চ্যানেল ‘এসআইসি ভেরিফিকা’ এই গুরুতর অভিযোগের সত্যতা যাচাইয়ে মাঠে নামে। তাদের অনুসন্ধানে দেখা যায়, শেগা পার্টির এমপি রিকার্ডো রেইস মূলত সোশ্যালিস্ট পার্টির আইনপ্রণেতা ইসাবেল মোরেইরার গত ৫ই মার্চের একটি বক্তৃতার দিকে ইঙ্গিত করছিলেন। তবে সেই মূল বক্তব্যটি বিশ্লেষণ করে দেখা গেছে, ইসাবেল মোরেইরা প্রবাসীদের অবমাননা করা তো দূরের কথা, উল্টো দেশের অর্থনীতি ও সমাজ টিকিয়ে রাখার জন্য তাঁদের ‘বীর ও বীরাঙ্গনা’ হিসেবে বর্ণনা করেছিলেন।

সেদিনের ভাষণে সোশ্যালিস্ট এমপি ইসাবেল মোরেইরা বলেছিলেন, ‘সেইসব বীর ও বীরাঙ্গনারা, যারা একটি দেশ হিসেবে আমাদের টিকিয়ে রেখেছেন, যারা আমার চেয়েও বেশি পরিশ্রম করেন, যারা বয়স্কদের যত্ন নেন, অসুস্থদের সেবা করেন, যারা এই বাড়ি এবং আরও হাজার হাজার বাড়ি পরিষ্কার করেন, যারা পিঠে বাক্স নিয়ে খাবার পৌঁছে দেন—তাঁরাই আমাদের বাঁচিয়ে রাখছেন’। তিনি মূলত কট্টর ডানপন্থীদের ছড়ানো বর্ণবাদ, ট্রাম্পের অনুকরণে তৈরি নীতি এবং ঘৃণার এজেন্ডার তীব্র বিরোধিতা করতেই এই কথাগুলো বলেছিলেন।

ফ্যাক্ট-চেকারদের মুখোমুখি হয়ে শেগা পার্টির এমপি রিকার্ডো রেইস স্বীকার করেন যে সোশ্যালিস্ট এমপি সরাসরি ওই বিতর্কিত বাক্যটি বলেননি। তবে তাঁর দাবি, পরিচ্ছন্নতা, কৃষিকাজ বা খাবার পৌঁছে দেওয়ার মতো মৌলিক পেশাগুলোর তালিকা করার মাধ্যমে প্রকারান্তরে অভিবাসীদের সমাজব্যবস্থার নিচু স্তরে নামিয়ে আনা হয়েছে এবং বোঝানো হয়েছে যে তাঁরা কেবল এসব কাজের জন্যই পর্তুগালে আসেন। এর জবাবে ইসাবেল মোরেইরা স্পষ্ট জানিয়েছেন, এটি ‘পুনর্বাসনের’ পক্ষে থাকা কট্টরপন্থীদের সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য এবং তাঁর বক্তব্য ছিল প্রবাসীদের প্রতি গভীর শ্রদ্ধা ও পূর্ণ সমর্থনের বহিঃপ্রকাশ।

এদিকে পর্তুগালে কর্মরত বিদেশী শ্রমিকদের প্রোফাইল নিয়ে ব্যাংক অফ পর্তুগালের সাম্প্রতিক এক বুলেটিনের তথ্য বলছে, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটিতে আসা মোট বিদেশি কর্মীর প্রায় ২০ শতাংশ প্রশাসনিক ও সহায়তামূলক সেবা (যার মধ্যে পরিচ্ছন্নতা খাতও অন্তর্ভুক্ত), ১৮ শতাংশ আবাসন ও খাদ্য সেবা, ১৫ শতাংশ কৃষি এবং ১৪ শতাংশ নির্মাণ খাতে যুক্ত হয়েছেন। ফলে সমাজতান্ত্রিক এমপির তুলে ধরা পেশাগুলোর চিত্র বাস্তবের সাথে অনেকটাই সংগতিপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের রাজনৈতিক এজেন্ডা বা ‘পুনঃপ্রবাসন’ নীতিকে জায়েজ করতেই শেগা পার্টির নেতা প্রতিপক্ষের পজিটিভ বক্তব্যকে এভাবে নেতিবাচক ও বিকৃত আকারে উপস্থাপন করেছেন।

তথ্যসূত্র: সিস নটিসিয়াস 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version