মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬   |   ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের বুকে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম অক্ষুণ্ণ রাখতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশীদের দেশীয় দলীয় রাজনীতি পরিহার করার জোর আহ্বান জানিয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা আবু নাঈম মু শহীদুল্লাহ। পর্তুগালে বসবাসরত বাংলাদেশীদের নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘লিসবন শিল্পী গোষ্ঠী’র উদ্যোগে আয়োজিত একটি আনন্দ ভ্রমণ ও শিক্ষা সফর শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

আলোচনায় আবু নাঈম মু শহীদুল্লাহ উল্লেখ করেন, পর্তুগালে বাংলাদেশীদের বসবাসের ইতিহাস প্রায় তিন যুগেরও বেশি সময়ের। সুদীর্ঘ এই সময়ে স্থানীয় সমাজে বাংলাদেশীদের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও পরিচ্ছন্ন পরিচয় ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, বর্তমান সময়ে এসে কিছু প্রবাসীর মাঝে দেশীয় অপরাজনীতির চর্চা বাড়ায় পর্তুগালে আমাদের সেই গৌরবময় ভাবমূর্তি নষ্ট হতে চলেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রবাসের মাটিতে দলীয় কোন্দল, বিরোধী মতের মানুষদের ঘায়েল করতে হামলা এবং দলীয় স্লোগান দিয়ে স্থানীয় শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার মতো ঘটনা ঘটছে। এই ধরনের অপ্রয়োজনীয় ও নেতিবাচক কর্মকাণ্ড ইউরোপীয় মূলধারার গণমাধ্যমে ভিন্নভাবে প্রচারিত হচ্ছে, যা সামগ্রিকভাবে পুরো বাংলাদেশী কমিউনিটিকে হেয় প্রতিপন্ন করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি পর্তুগালে বসবাসরত সকল সচেতন ও শান্তিপ্রিয় বাংলাদেশীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার অনুরোধ জানান।

লিসবন শিল্পী গোষ্ঠীর এই সুশৃঙ্খল ও ব্যতিক্রমী শিক্ষা সফরে পর্তুগালের বাংলাদেশী কমিউনিটির আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন কমিউনিটি নেতা রাজিব আল মামুন, সিআরসিআইপিটি (CRCIPT)-র সভাপতি হাফেজ মোস্তাফিজুর রহমান, কমিউনিটি নেতা মো. মোশারফ হোসাইন এবং লিসবন শিল্পী গোষ্ঠীর পরিচালক এ এস এম জাবেদ সরকার। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই শিক্ষা সফরে মোট ৪টি বাসে করে প্রায় ২২০ জন প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version