পর্তুগালে ২০২৭ সালের মজুরি নির্ধারণ নিয়ে ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে সরকারি পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সরকারি খাতের ন্যূনতম বেতন ১ হাজার ৫০ ইউরোতে উন্নীত করার দাবি জানিয়েছে ইউনিয়নগুলো।
সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে আজ ৬ অক্টোবর সরকারি খাতের প্রধান তিনটি ট্রেড ইউনিয়ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসছে সরকার। ইউনিয়নগুলো ইতিমধ্যে পরিকল্পিত হারের চেয়েও বেশি সুবিধা দেওয়ার দাবি তুলেছে।
সরকার এবং ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে পূর্বে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ২ দশমিক ৩ শতাংশ বেতন বৃদ্ধির কথা রয়েছে, যা অঙ্কের হিসাবে ৬০ দশমিক ৫২ ইউরো বৃদ্ধির সমান। এই হার বজায় থাকলে সরকারি খাতের মূল বেতন বেড়ে দাঁড়াবে ৯৯৫ দশমিক ৫১ ইউরোতে। তবে এই অঙ্ক ১ হাজার ইউরোর নিচে থাকায় ইউনিয়নগুলো আরও বেশি বেতন বৃদ্ধির নতুন দাবি উত্থাপনের পরিকল্পনা করেছে।
বেতনের পাশাপাশি খাবার ভাতাও (মিল অ্যালাউন্স) বাড়ানোর দাবি জানিয়েছে ইউনিয়নগুলো। তারা এই ভাতা সম্পূর্ণ করমুক্ত সুবিধাসহ দৈনিক ১০ ইউরো করার প্রস্তাব করেছে।
বর্তমানে দেশটিতে দৈনিক খাবার ভাতার পরিমাণ ৬ দশমিক ১৫ ইউরো। বিদ্যমান চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর এটি ১৫ সেন্ট করে বাড়ানোর নিয়ম রয়েছে; সে হিসাবে নতুন কোনো সিদ্ধান্ত না হলে ২০২৭ সালে কর্মীদের দৈনিক ৬ দশমিক ৩০ ইউরো পাওয়ার কথা।
