বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬   |   ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ববাজারে তেলের অস্থিরতার প্রভাবে পর্তুগালে জ্বালানির দাম ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সংকট থেকে সাধারণ নাগরিক ও পরিবহন খাতকে সুরক্ষা দিতে পর্তুগাল সরকার একটি বিশেষ ত্রাণ প্যাকেজ অনুমোদন করেছে। বুধবার পার্লামেন্টে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো। এই প্যাকেজের আওতায় স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বৃদ্ধি এবং পরিবহন খাতের জন্য ডিজেলে নগদ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

পর্তুগালের স্বল্প আয়ের এবং সামাজিক সুবিধার আওতাভুক্ত পরিবারগুলোর জন্য এলপিজি বা গ্যাস সিলিন্ডারের মাসিক ভর্তুকি ১৫ ইউরো থেকে বাড়িয়ে ২৫ ইউরো করা হয়েছে। এই সুবিধা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী জুন মাস পর্যন্ত বহাল থাকবে। যারা এই ভর্তুকি পেতে ইচ্ছুক, তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৬ মার্চ থেকে স্থানীয় প্যারিশ কাউন্সিলে নিবন্ধনের জন্য আবেদন করতে বলা হয়েছে।

পণ্য ও যাত্রী পরিবহন সেবার খরচ নিয়ন্ত্রণে রাখতে এবং মুদ্রাস্ফীতি রুখতে পেশাদার যানবাহনের জন্য বিশেষ রিবেট ঘোষণা করেছে সরকার। ফ্রেইট ও প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট অপারেটর, ট্যাক্সি এবং ভলান্টিয়ার ফায়ার ব্রিগেডের আওতাধীন প্রতিটি যানবাহনের জন্য প্রতি লিটার ডিজেলে ০.১০ ইউরো (১০ সেন্ট) নগদ ছাড় পাওয়া যাবে। আগামী তিন মাসে প্রতিটি যানবাহন সর্বোচ্চ ১৫,০০০ লিটার পর্যন্ত এই সুবিধা গ্রহণ করতে পারবে। পরিবহন মালিকদের মন্ত্রিসভার অনুমোদনের তারিখ থেকে সকল জ্বালানি রসিদ সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এই ছাড়টি পূর্ববর্তী তারিখ থেকেও কার্যকর হতে পারে।

সাময়িক এই ছাড়ের পাশাপাশি ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলার জন্য স্থায়ী কিছু আইনও ক্যাবিনেটে অনুমোদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘প্রাইস ক্যাপ মেকানিজম’, যার মাধ্যমে সংকটের সময় সরকার বিদ্যুৎ ও গ্যাসের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিতে পারবে। এছাড়া অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গ্রাহকদের বিল পরিশোধ নিয়ে বিরোধ থাকলেও তাদের গ্যাস বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। পর্তুগাল সরকার বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সাথে সমন্বয় করছে যাতে কার্বন ট্যাক্স সংশোধন এবং সরকারি সহায়তা প্রদানের নিয়মগুলো আরও শিথিল করা যায়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version