পর্তুগালে যেসব বিদেশির রেসিডেন্স পারমিটের মেয়াদ ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত শেষ হবে, তাঁরা এখন অনলাইনে নবায়নের আবেদন করতে পারবেন। অভিবাসন, সংহতি ও আশ্রয়বিষয়ক সংস্থা (এআইএমএ) অনলাইন নবায়নসেবার পরিধি বাড়ানোর পর এ সুযোগ চালু হয়েছে।
পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই আবেদন করা যাবে। পাশাপাশি আবেদনকারীদের নিবন্ধিত বাসার ঠিকানা হালনাগাদ রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আবেদনের চাপ দীর্ঘ সময়ের মধ্যে ছড়িয়ে দিয়ে নবায়নপ্রক্রিয়ায় বিলম্ব কমানো এ উদ্যোগের লক্ষ্য। পাবলিকো ব্রাজিল-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সুবিধার আওতায় নির্দিষ্ট কিছু বিনিয়োগভিত্তিক রেসিডেন্স পারমিট বা গোল্ডেন ভিসা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিক ও তাঁদের পরিবারের যোগ্য সদস্যদের স্থায়ী বসবাসের সনদ ও কার্ডের আবেদনও রয়েছে।
কোন পোর্টালে আবেদন করবেন?
রেসিডেন্স পারমিটের ধরন ও মেয়াদ শেষ হওয়ার তারিখ অনুযায়ী আবেদনকারীদের সঠিক অনলাইন পোর্টাল বেছে নিতে হবে।
যাঁদের সাধারণ রেসিডেন্স পারমিটের মেয়াদ ২০২৫ সালের ৩০ জুনের পর শেষ হয়েছে অথবা ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে শেষ হবে, তাঁদের অধিকাংশকে এআইএমএ রিনিউয়ালস পোর্টাল ব্যবহার করতে হবে।
গোল্ডেন ভিসাসহ বিনিয়োগভিত্তিক রেসিডেন্স পারমিটধারীরাও নির্ধারিত শর্ত পূরণ করলে এ পোর্টালে আবেদন করতে পারবেন। তবে তাঁদের ক্ষেত্রে আলাদা নিয়ম প্রযোজ্য হওয়ায় আবেদন করার আগে যোগ্যতা যাচাই করতে হবে।
ইইউর নাগরিকদের স্থায়ী বসবাসের সনদ এবং তাঁদের পরিবারের যোগ্য নন-ইইউ সদস্যদের স্থায়ী বসবাসের কার্ডের আবেদনও এই পোর্টালে করা যাবে।
অন্যদিকে, যাঁদের সাধারণ রেসিডেন্স পারমিটের মেয়াদ ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে শেষ হয়েছে, তাঁরা—বিনিয়োগভিত্তিক পারমিটধারী ছাড়া—এআইএমএ সার্ভিসেস প্ল্যাটফর্মে আবেদন করবেন।
আবেদনের আগে এআইএমএর সর্বশেষ নির্দেশনা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, আবেদনের যোগ্যতার সময়সীমা ও সেবার পরিধি পরিবর্তিত হতে পারে।
ঠিকানা ও ব্যক্তিগত তথ্য হালনাগাদ জরুরি
বিদেশি বাসিন্দাদের ব্যক্তিগত তথ্য, বিশেষ করে বাসার ঠিকানা, এআইএমএর নথিতে সঠিক আছে কি না, তা যাচাই করতে বলেছে সংস্থাটি।
ঠিকানা পুরোনো থাকলে নবায়ন করা রেসিডেন্স কার্ড ভুল জায়গায় পাঠানো হতে পারে, যা নতুন প্রশাসনিক জটিলতা তৈরি করতে পারে।
ঠিকানা পরিবর্তন বা সংশোধনের জন্য আবেদনকারীদের এআইএমএর কন্টাক্ট ফর্মে গিয়ে ‘Renewals Portal > Communicate/correct address’ অপশন বেছে নিতে হবে। এরপর প্রয়োজনীয় প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, এভাবে পাঠানো ঠিকানা সংশোধনের আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণের কথা।
নবায়নপ্রক্রিয়ায় ইমেইলের মাধ্যমে যোগাযোগও গুরুত্বপূর্ণ। তাই নিবন্ধিত ইমেইল ঠিকানাটিও সঠিক আছে কি না, তা নিশ্চিত করতে হবে।
নবায়নের আবেদন করলে ১৮০ দিনের রসিদ
সশরীরে উপস্থিতির প্রয়োজন কমাতে এআইএমএ ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে আবেদন প্রক্রিয়াকরণ বাড়াচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালের ১৫ অক্টোবর থেকে যাঁদের রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়েছে, তাঁরা নবায়নপ্রক্রিয়া শুরু না করলে মহামারির সময় চালু হওয়া সাধারণ স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা আর পাবেন না।
যোগ্য আবেদনকারীর নবায়নের আবেদন নিবন্ধন এবং নির্ধারিত ফি পরিশোধের পর এআইএমএ ১৮০ দিন মেয়াদি একটি রসিদ দেয়।
তাই মেয়াদ শেষ হওয়া কার্ড স্বয়ংক্রিয়ভাবে বৈধ থাকবে—এমন ধারণা না করে সঠিক পোর্টালে সময়মতো আবেদন শুরু করা জরুরি।
নতুন সময়সীমার ফলে যোগ্য বিদেশিরা মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়নের প্রক্রিয়া শুরু করতে পারবেন। যাঁদের পারমিটের মেয়াদ ২০২৭ সালের জানুয়ারির পর শেষ হবে, তাঁদের আবেদনের সুযোগ বাড়ানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।
