শনিবার, ২১শে মার্চ, ২০২৬   |   ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগাল সরকার সে দেশে শীতকালীন বিধ্বংসী ঝড়ের ফলে সৃষ্ট বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন করার সিদ্ধান্ত নিশ্চিত করেছে। আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রী ম্যানুয়েল কাস্ত্রো আলমেইদা গত বুধবার পার্লামেন্টে এই ঘোষণা দেন। তিনি জানান, পর্তুগাল ‘ইউরোপীয় ইউনিয়ন সলিডারিটি ফান্ড’ এর অধীনে এই সহায়তার অনুরোধ জানাবে। এই বিশেষ তহবিলের মাধ্যমে ইইউ সদস্য রাষ্ট্রগুলো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের পর বছরে ১ বিলিয়ন ইউরো পর্যন্ত দ্রুত ও নমনীয় আর্থিক সহায়তা পেতে পারে।

জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরু পর্যন্ত টানা তিন সপ্তাহ ধরে পর্তুগালের মূল ভূখণ্ডে ‘ক্রিস্টিন’, ‘লিওনার্দো’ এবং ‘মার্টা’ নামক ধারাবাহিক শক্তিশালী ঝড় আঘাত হানে। এর ফলে দেশটির মধ্যাঞ্চলসহ লিসবন, তাগুস ভ্যালি এবং আলেন্তেজো এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই চরম আবহাওয়ায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন এবং আরও শত শত মানুষ আহত বা গৃহহীন হয়েছেন। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, মোট প্রাণহানির অর্ধেকেরও বেশি ঘটনা ঘটেছে দুর্যোগ পরবর্তী উদ্ধার ও সংস্কার কাজ চলাকালীন সময়ে।

এই ঝড়ের তান্ডবে পর্তুগাল জুড়ে ব্যাপক ধ্বংসলীলা চলেছে; হাজার হাজার ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। অসংখ্য গাছপালা ও স্থাপনা উপড়ে পড়া, আকস্মিক বন্যা এবং বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার ফলে দেশটির জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে। পার্লামেন্ট অধিবেশনে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী আলমেইদা জানান যে, ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিবন্ধকতা দূর করে যত দ্রুত সম্ভব অর্থ ছাড় করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version