পর্তুগাল ও স্পেনে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং প্রবাসীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে) স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অধ্যুষিত অঞ্চল লাভাপিয়েসের একটি স্থানীয় রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উভয় দেশের সাংবাদিক, নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের নেতৃত্বে পর্তুগাল প্রতিনিধি দলে অংশ নেন সাবেক সভাপতি রনি মোহাম্মদ, উপদেষ্টা জাহিদ কায়সার, সংগঠনের সাধারণ সম্পাদক শহীদ আহম্মেদ প্রিন্স,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, সজিব হোম রায়, আকবর হোসেন ও নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান আর এ ইহসান। দুই দিনের এই কর্মসূচিতে স্পেনের সাংবাদিক ও কমিউনিটি নেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন-এর সভাপতি বকুল খান এবং সাধারণ সম্পাদক ফখরুদ্দিন রাজির নেতৃত্বে অংশ নেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দবির তালুকদার, স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, রমিজ উদ্দিন, মাদ্রিদের বাইতুল মোকাররম জামে মসজিদের সাধারণ সম্পাদক আল আমিন এবং বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন-এর সাবেক সভাপতি আব্দুল মালিকসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, ইউরোপের এই দুই প্রতিবেশী দেশে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট সঠিক তথ্য তুলে ধরা এবং তাদের আইনি ও সামাজিক সংকট সমাধানে প্রেসক্লাবগুলোর কার্যক্রম বড় ভূমিকা রাখতে পারে। দুই দেশের প্রেসক্লাবের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে দুই সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে যৌথ ইভেন্ট ও কমিউনিটি সার্ভিস প্রদানের বিষয়ে সম্মতি জানানো হয়।
