শনিবার, ২৩শে মে, ২০২৬   |   ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোমানিয়ায় অবৈধভাবে সীমান্ত পারাপার, জালিয়াতি এবং অনিয়মিতভাবে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশিসহ মোট ১৬ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। রাজধানী বুখারেস্টের ওতোপেনি পাবলিক কাস্টডি সেন্টারের তত্ত্বাবধানে তাদের আটক করে চলাচলের স্বাধীনতা সাময়িকভাবে সীমিত করা হয়েছে, যাতে নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) আইনি প্রক্রিয়া সম্পন্ন করা যায়। রোমানিয়ার অভিবাসন দপ্তর বা জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই অভিযান চালিয়ে বাংলাদেশ, নেপাল, তুরস্কসহ বিভিন্ন দেশের নাগরিকদের আটক করা হয়। একই সময়ে কেন্দ্রটির সীমান্ত পুলিশ সদস্যরা কঠোর পাহারায় ২০টি জোরপূর্বক প্রত্যাবর্তন বা ডিপোর্টেশন সফলভাবে কার্যকর করেছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশিদের এভাবে পাবলিক কাস্টডিতে রাখা মূলত একটি প্রশাসনিক ব্যবস্থা। বুখারেস্ট আপিল আদালতের অধীনস্থ প্রসিকিউটর কার্যালয়ের অনুরোধে সাধারণত বাস্তব ও আইনগত কারণ দেখিয়ে প্রাথমিকভাবে ৩০ দিনের জন্য এই আটকাদেশ জারি করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে সমুদ্র ও আকাশপথে শেনজেনে যুক্ত হওয়ার পর, ২০২৫ সালের জানুয়ারি থেকে রোমানিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোপের শেনজেন অঞ্চলের স্থলসীমান্তেও যুক্ত হয়েছে। রোমানিয়া শেনজেনে পূর্ণাঙ্গভাবে যুক্ত হওয়ার অর্থ হলো দেশটিতে অবস্থানরত অভিবাসীদের বৈধ রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি থাকলে তারা শেনজেন জোনের অন্যান্য দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। তবে যথাযথ আইনি প্রক্রিয়া ও অনুমতি ছাড়া সড়ক বা বিমান পথে সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। এই নিয়ম অমান্য করে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করায় আটককৃতদের বিরুদ্ধে এখন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস বাংলা 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version