রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬   |   ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন ও মলদোভা সীমান্তের কাছাকাছি রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে স্পেনের একটি ফাইটার জেট (যুদ্ধবিমান)। আজ রবিবার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এই ঘটনাটি ইউক্রেন সীমান্তবর্তী ন্যাটো সদস্য দেশগুলোর আকাশসীমা সুরক্ষার চ্যালেঞ্জকে আবারও সামনে নিয়ে এলো, যা দেশগুলোকে রাশিয়ার যুদ্ধের প্রত্যক্ষ ঝুঁকির মুখে ফেলছে।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মলদোভা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ড্রোনটিকে ন্যাটো মিশনের অধীনে দায়িত্বরত একটি স্প্যানিশ ‘এফ-১৮’ ফাইটার জেট স্থানীয় সময় ভোর ৫টা ১ মিনিটে প্রতিহত করে। ড্রোনটির ধ্বংসাবশেষ ইউক্রেন সীমান্তবর্তী গালাতি অঞ্চলের একটি জনমানবহীন এলাকায় পড়েছে।

কালো সাগর সীমান্তবর্তী রোমানিয়ার পূর্ব উপকূলীয় এলাকাটি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের অত্যন্ত কাছাকাছি অবস্থিত, যা প্রায়শই রুশ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ২০২৩ সাল থেকে দানিউব নদীর তীরে অবস্থিত ইউক্রেনীয় বন্দরগুলোতে রাশিয়ার হামলার পর রোমানিয়ার মাটিতে বেশ কয়েকবার ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানিয়েছে বুখারেস্ট।

গত মাসে রোমানিয়া ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর প্রথমবারের মতো তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন সরাসরি গুলি করে ভূপাতিত করেছিল। রাজধানী বুখারেস্ট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ড্রোনটি ধ্বংস করা হয়।

ন্যাটোর পূর্ব সীমান্তে পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলোসহ অন্যান্য স্থানেও একই ধরনের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গত শুক্রবার ন্যাটো জানিয়েছে, লাটভিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন ন্যাটোর এয়ার-পুলিশিং মিশনের অধীনে দায়িত্বরত ইতালীয় ফাইটার জেট দিয়ে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version